পুলিশের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. মোখলেসুর রহমান বলেছেন, পুলিশের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও স্বাধীনতাবিরোধী চক্রকে দমন করা হবে। স্বাধীনতাবিরোধীদের কখনো মাথা উঁচু করতে দেওয়া হবে না।
গতকাল সোমবার লক্ষ্মীপুরের নাছির আহমদ ভূঁইয়া মিলনায়তনে আয়োজিত জেলা কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে মো. মোখলেসুর রহমান বলেন, আন্দোলনের নামে কতিপয় রাজনৈতিক দল লক্ষ্মীপুরকে মিনি পাকিস্তান বানাতে চেয়েছে। কিন্তু তা করতে দেওয়া হবে না।
পুলিশ সুপার শাহ মিজান সাফিউর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সাংসদ এ কে এম
শাহজাহান কামাল, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. সফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কঙ্কন চাকমা এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী।
এর আগে সকালে লক্ষ্মীপুর শহরের ঝুমুর সিনেমা হল এলাকা থেকে জেলা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলায় নবগঠিত চন্দ্রগঞ্জ থানার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অতিরিক্তি আইজিপি।