স্বাধীনতাবিরোধীদের নামে চার সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আব্দালপুরে ওয়াজেদ আলী সড়কের নামফলক
আব্দালপুরে ওয়াজেদ আলী সড়কের নামফলক

মাগুরায় স্বাধীনতাবিরোধীদের নামে চারটি সড়ক রয়েছে। এর দুটিতে এখনো নামফলক বিদ্যমান। উচ্চ আদালতের নির্দেশনা থাকলেও এগুলোর পরিবর্তনের কোনো উদ্যোগ আজও নেয়নি প্রশাসন। এতে ক্ষোভ প্রকাশ করেছেন জেলার মুক্তিযোদ্ধারা।
মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজমুল হক প্রথম আলোকে বলেন, হাইকোর্টের নির্দেশনা-সংবলিত চিঠিটি তাঁরা কিছুদিন আগে পেয়েছেন। ইতিমধ্যে বিষয়টি নিয়ে কাজ শুরু হয়েছে।
মাগুরার মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলে জানা যায়, দেশের বিভিন্ন স্থানে স্বাধীনতাবিরোধীদের নামের স্থাপনাগুলোর নামফলক ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এর পরিপ্রেক্ষিতে মাগুরার এমন চারটি সড়কের তালিকা স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসনের কাছে এসেছে।
মাগুরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোল্লা নবুয়ত আলী বলেন, মাগুরা শহরের প্রধান সড়ক মাত্র তিনটি। এর মধ্যে একটি দেশ স্বাধীন হওয়ার পরপরই মুক্তিযুদ্ধের সংগঠক ও মাগুরা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ সৈয়দ আতর আলীর নামে নামকরণ করা হয়। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে, পঁচাত্তর-পরবর্তী সময়ে অপর দুটি সড়কের নামকরণ করা হয়েছে দুই স্বাধীনতাবিরোধীর নামে। তাঁরা হলেন হাবিবুর রহমান ও মোখলেসুর রহমান। যত দ্রুত সম্ভব এই দুটিসহ মাগুরায় স্বাধীনতাবিরোধীদের নামে যে চারটি সড়ক রয়েছে, সেগুলোর নাম পরিবর্তন করে মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ করার দাবি জানান তিনি।
হাবিবুর রহমানের নামে রয়েছে শহরের চৌরঙ্গী মোড় এলাকা থেকে নতুন বাজার এলাকা পর্যন্ত সড়কটি। আর মোখলেসুর রহমানের নামে রয়েছে শহরের চৌরঙ্গী মোড় থেকে ভায়না মোড় পর্যন্ত সড়কটি।
স্বাধীনতাবিরোধীদের নামে থাকা অপর সড়ক দুটি হচ্ছে মাগুরা পৌর এলাকার আবালপুর এলাকার ওয়াজেদ আলী খান সড়ক এবং মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের চাঁদ আলী সড়ক।
মাগুরা জেলা প্রশাসকের দপ্তর সূত্র জানায়, এই চারজনই একাত্তর সালে ‘শান্তি কমিটি’ বা রাজাকার বাহিনীর সদস্য ছিলেন। ওই চারটি সড়কের ব্যাপারে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে একটি তালিকা ইতিমধ্যে দপ্তরে পৌঁছেছে।
জেলা জাসদের সভাপতি এ টি এম মহব্বত আলী বলেন, হাইকোর্টের নির্দেশনা সত্ত্বেও সড়কগুলোর নাম পরিবর্তন ও নামফলক ভেঙে ফেলার ব্যাপারে কোনো পদক্ষেপ কেন নেওয়া হচ্ছে না, তা বোধগম্য নয়।