স্বাধীনতাবিরোধীদের রুখতে জনতা আজ ঐক্যবদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরুণদের নাস্তিক বলে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া কি স্বাধীনতাবিরোধীদের পক্ষে অবস্থান নিয়েছেন? এ দেশের মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, তারা স্বাধীনতাবিরোধীদের প্রতিরোধ করতে আবার ঐক্যবদ্ধ হয়েছে। গতকাল সোমবার হরতালবিরোধী এক সমাবেশে আওয়ামী লীগের নেতারা এই মন্তব্য করেন।গতকাল সকালে চট্টগ্রাম নগরের দারুল ফজল মার্কেটে হরতাল ও নৈরাজ্যবিরোধী এই সমাবেশের আয়োজন করে সামাজিক প্রতিরোধ কমিটি। ১৮ দলীয় জোটের ডাকা হরতালের প্রথম দিন গতকাল চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে সমাবেশ করেছে সামাজিক প্রতিরোধ কমিটি ও আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন।দারুল ফজল মার্কেটের সমাবেশে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘কোনো মুসলমান কোনো মুসলমানকে কাফের ও নাস্তিক বলতে পারে না। নতুন প্রজন্মের তরুণদের নাস্তিক বলে খালেদা জিয়া কী করতে চান?’সমাবেশে সভাপতির বক্তব্যে নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘জামায়াত-শিবির-বিএনপি সারা দেশে আগুন জ্বালিয়ে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে চায়। এই ধ্বংসের আগুনে জামায়াত-শিবির ও তাদের রক্ষাকারীদেরই পুড়তে হবে।’ নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে এগিয়ে আসতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের এগিয়ে আসার আহ্বান জানান মহিউদ্দিন চৌধুরী।নগর আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য শফিক আদনানের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন চৌধুরী, জসিম উদ্দিন, চট্টগ্রাম মহানগর আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি কামাল উদ্দিন আহাম্মদ, মুক্তিযোদ্ধা অমল মিত্র, এম এ রশিদ, যুবলীগের সভাপতি চন্দন ধর, সাধারণ সম্পাদক মশিউর রহমান চৌধুরী প্রমুখ।এদিকে গতকাল সকালে নগরের বিপণিবিতান এলাকায় হরতালবিরোধী সমাবেশ করেন চট্টগ্রাম-৮ আসনের সাংসদ নুরুল ইসলাম বিএসসি। সমাবেশে সাংসদ নুরুল ইসলাম বিএসসি বলেন, দেশের অর্থনীতিকে ধ্বংস করতে বিএনপি-জামায়াত হরতাল আহ্বান করেছে। এই হরতাল বিএনপির নেতাদের মুক্ত করতে নয়, জামায়াতিদের খুশি করতে ডাকা হয়েছে। এ দেশের মানুষ জঙ্গি ও স্বাধীনতাবিরোধীদের প্রতিরোধ করবে।নগর আওয়ামী লীগের নেতা আবদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নগর আওয়ামী লীগের নেতা জামশেদুল আলম চৌধুরী, আবদুর রহমান, আবদুল হান্নান, ইকবাল হাসান, আলী নেওয়াজ প্রমুখ।এদিকে গতকাল বেলা ১১টায় চট্টগ্রাম জেলা পরিষদ চত্বরে হরতালবিরোধী সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগ। সমাবেশে বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।নগর শ্রমিক লীগের সভাপতি বখতেয়ার উদ্দিন খানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাজী মাহবুবুল হক চৌধুরী, রেল শ্রমিক লীগের সহসভাপতি অরুণ কুমার দাশ ও দোকান কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন।