স্বাধীনতাবিরোধীদের রুখে দেওয়ার শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় বর্ণাঢ্য বিজয় র‌্যালি করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের সামনের রাস্তা থেকে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত বাসভবন ধানমন্ডির ৩২ নম্বরে গিয়ে শেষ হয়।


র‌্যালিতে আওয়ামী লীগ, ঢাকা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, জাতীয় শ্রমিক লীগ, কৃষক লীগসহ দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা নেতৃত্ব দেন। জাতীয় পতাকা আচ্ছাদিত নৌকা, গ্রাম বাংলার ঐতিহ্য কুঁড়েঘর, বাউলদের ঢোল-তবলা, একতারা, রং-বেরঙের ব্যানার, ফেস্টুন ও পোস্টার নিয়ে র্যালিতে অংশ নেন বিপুল সংখ্যক নেতা-কর্মী। অংশগ্রহণকারীরা যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসি হওয়ায় উল্লাস প্রকাশ করে স্লোগান দিতে থাকেন। র‌্যালির আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে আওয়ামী লীগের প্রত্যেক নেতার মুখেই ছিল স্বাধীনতাবিরোধীদের রুখে দেওয়ার দৃপ্ত শপথ।

সংক্ষিপ্ত সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী সাহারা খাতুন বলেন, ‘প্রতিটি এলাকায় জামায়াত-শিবিরের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতা-কর্মীদের রুখে দাঁড়াতে হবে। আমরা যখন বিজয় দিবস পালন করছি, তখন তারা দেশে আগুন লাগিয়ে, বাস পুড়িয়ে, গাছ কেটে নিরীহ মানুষ হত্যা করছে। এটা আর হতে দেওয়া যায় না।’

একই অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, কাদের মোল্লার ফাঁসি হওয়ার পর পাকিস্তানের জামায়াত গায়েবানা জানাজা পড়েছে। এ থেকে পাকিস্তান প্রমাণ করেছে, তারা নীলনকশা করছে। আর বিরোধী দলের নেতা খালেদা জিয়া পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করছেন। ষড়যন্ত্রকারীরা পাকিস্তানের এজেন্ট দিয়ে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করলে আর সহ্য করা হবে না।

পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেন, বিএনপির পৃষ্ঠপোষকতায় জামায়াত-শিবির জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা অনেক ধৈর্য ধরেছে। কিন্তু স্বাধীন রাষ্ট্র রক্ষায় তারা আর ধৈর্য ধরবে না। সরকার আরও কঠোরভাবে সহিংসতাকারীদের দমন করবে।

এর আগে সূর্যোদয় ক্ষণে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, ধানমন্ডি-৩২ এর বঙ্গবন্ধু ভবন ও দেশব্যাপী সংগঠনের কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করার মাধ্যমে দলীয় কর্মসূচি শুরু করে দলটি।
সকাল ছয়টা ৪০ মিনিটে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। পরে তিনি সকাল আটটা পাঁচ মিনিট ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন দলটির পক্ষ থেকে। এ সময় নির্বাচনকালীন মন্ত্রিসভার সদস্য ছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। এতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল্লাহসহ স্থানীয় নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। পরে কবর জিয়ারত, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ ছাড়া দেশের প্রায় সব জেলাতেই কম-বেশি বিজয় দিবস উপলক্ষে র‌্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি পালন করে দলটি।