স্বাধীনতাবিরোধীদের সঙ্গে ঐক্য নয় : শিল্পমন্ত্রী
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, স্বাধীনতাবিরোধীদের সঙ্গে ঐক্য করা সম্ভব নয়। যারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদের আর কিছুতেই প্রশ্রয় দেওয়া যাবে না। যারা দেশকে ভালোবাসে না, এই দেশকে স্বীকার করে না, তাদের সব কার্যক্রম বন্ধ করতে হবে।
আজ রোববার দুপুরে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।
বিএনপির জাতীয় ঐক্যের আহ্বান প্রসঙ্গে শিল্পমন্ত্রী বলেন, স্বাধীনতাবিরোধী ও জেএমবির আশ্রয়দাতাদের সঙ্গে কখনই জাতীয় ঐক্য করা সম্ভব নয়। ওই ফাঁদে আওয়ামী লীগ পা দেবে না।
ঝালকাঠির জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, ঝালকাঠি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সুলতান হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রাকিব, জেলা মৎস্য কর্মকর্তা প্রীতিস কুমার মল্লিক প্রমুখ।