
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘স্বাধীনতাবিরোধীরা এখনো তৎপর রয়েছে। প্রয়োজনে বাবার মতো রক্ত দিয়ে এ দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা করব।’ প্রধানমন্ত্রী গতকাল শনিবার ঢাকায় দেশে তৈরি প্রথম যাত্রীবাহী জাহাজ ‘এমভি বাঙালি’ উদ্বোধনের পর ওই জাহাজে করে চাঁদপুরের মতলব উত্তরের মোহনপুরে পৌঁছে জনগণের উদ্দেশে ভাষণে এসব কথা বলেন।
প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি জানান, মোহনপুর লঞ্চঘাটে এমভি বাঙালির ওপরে দাঁড়িয়ে নদীতীরে সমবেত জনতার উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘২৪ বছরের সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা এনেছি। এর সুফল বয়ে আনতেই হবে।’ স্বাধীনতা-সার্বভৌমত্ব নস্যাৎ করতে স্বাধীনতাবিরোধীরা এখনো তৎপর রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এরা অবৈধভাবে ক্ষমতা দখল করেছে। যুদ্ধাপরাধীদের হাতে পতাকা তুলে দিয়েছে। তাদের সবারই বিচার করা হবে।
এ সময় ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, জেলা আওয়ামী লীগের সভাপতি শামছুল হক ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী এমভি বাঙালি জাহাজে করেই ঢাকায় ফেরেন।
বাসস জানায়: এর আগে গতকাল ঢাকার সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে এক অনুষ্ঠানে দেশে তৈরি প্রথম যাত্রীবাহী জাহাজ এমভি বাঙালির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এমভি বাঙালি নির্মাণ করেছে চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপবিল্ডার্স লিমিটেড। এতে ব্যয় হয়েছে ২৬ কোটি ৮০ লাখ টাকা। জাহাজটির দৈর্ঘ্য ৭৫ দশমিক ৫০ মিটার এবং প্রস্থ ১২ দশমিক ৫০ মিটার। জাহাজটি ৭৫০ জন যাত্রী বহনে সক্ষম। এটি চলাচল করবে ঢাকা-বরিশাল নৌপথে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শেখ হাসিনা বলেন, আগামী জুনে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্ল্লিউটিসি) নৌযানবহরে আরও একটি জাহাজ ‘এমভি মধুমতি’ যুক্ত হবে। এ ছাড়া ঢাকা-বরিশাল-খুলনা রুটের জন্য আরও দুটি যাত্রীবাহী জাহাজ নির্মাণের প্রকল্প গ্রহণ করেছে সরকার। এগুলো নির্মিত হলে এ অঞ্চলের যাত্রীসেবার মান আরও উন্নত হবে।
নদীই বাংলাদেশের প্রাণ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার নৌ যোগাযোগব্যবস্থাকে আরও উন্নত করতে দেশের সব নদী ড্রেজিংয়ের উদ্যোগ নিয়েছে। নৌপরিবহন ব্যবস্থার সার্বিক উন্নয়নকে বিশেষ গুরুত্ব দিয়ে দেশের ৫৩টি নদীর নাব্যতা ফিরিয়ে আনতে ১২ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা হাতে নিয়েছে। নদী দখল ও দূষণমুক্ত রাখা এবং গুরুত্বপূর্ণ নদ-নদীর পানিপ্রবাহ ও পানি ধারণক্ষমতা বৃদ্ধি করাসহ এ খাতের উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
বিআইডব্লিউটিসির কার্যক্রম ডিজিটালাইজড করা হয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, পাটুরিয়া, দৌলতদিয়া ও কাজীরহাট ফেরিঘাটে শিগগিরই ই-টিকিট চালু করা হবে। বিআইডব্ল্লিউটিসির ফেরি ও যাত্রীবাহী জাহাজে যানবাহন ট্র্যাকিং সিস্টেম (ভিটিএস) স্থাপন করা হয়েছে। এর ফলে জলযান মনিটরিং সহজ হয়েছে। যাত্রাপথ নিরাপদ হয়েছে। সেবার মানও বেড়েছে।
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন নৌপরিবহনসচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম ও বিআইডব্ল্লিউটিসির চেয়ারম্যান মুজিবুর রহমান। পরে প্রধানমন্ত্রী উদ্বোধন করা জাহাজ এমভি বাঙালিতে করে চাঁদপুরের উত্তর মতলব পর্যন্ত যান।