স্বাধীনতাযুদ্ধে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ বাংলাদেশের পাশে ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয় দিবস উপলক্ষে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ছবি: সংগৃহীত
বিজয় দিবস উপলক্ষে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ছবি: সংগৃহীত

ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন বলেছেন, স্বাধীনতার সংগ্রামে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল। বর্তমানে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। বাংলাদেশের বর্তমান রপ্তানি বাণিজ্যের প্রধান গন্তব্য যুক্তরাষ্ট্র। মানবাধিকার, বাণিজ্য, বিনিয়োগ, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা, সন্ত্রাস দমন, নারীর ক্ষমতায়ন, জলবায়ু-সমস্যা মোকাবিলাসহ বহু ক্ষেত্রে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র এখন একযোগে কাজ করছে।
গতকাল শনিবার ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় অন্যান্য দেশের কূটনীতিক, মার্কিন পররাষ্ট্র দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষাবিদসহ অনেকেই উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে প্রয়াত সিনেটর এডওয়ার্ড কেনেডি, তৎকালীন ঢাকার মার্কিন কনসাল জেনারেল আর্চার কে ব্লাড, বিটলস খ্যাত জর্জ হ্যারিসন এবং কবি অ্যালেন গিন্সবার্গের ভূমিকার কথা স্মরণ করেন। তিনি বলেন, বাংলাদেশে যখন গণহত্যা চলছিল, তখন বিশ্বের বিবেকবান মানুষ একটি জাতির স্বাধীনতার লড়াইয়ের প্রতি সংহতি জানিয়েছে। পাকিস্তানিদের সঙ্গে হাত মিলিয়ে যারা গণহত্যা চালিয়েছিল, তাদের বিচার নিশ্চিত হওয়ার মধ্য দিয়ে স্বজনহারাদের মধ্যে কিছুটা হলেও সান্ত্বনার সুযোগ সৃষ্টি হয়েছে।
আলোচনা অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন দূতাবাসের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।