স্বাধীনতার ঘোষণাপত্র ছিল প্রথম সংবিধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার ঘোষণাপত্র ছিল বাংলাদেশের প্রথম সংবিধান। এই সংবিধানের মাধ্যমেই দেশের প্রথম সরকার সফলভাবে রাষ্ট্র পরিচালনা করেছে। পরবর্তী সময়ে স্বাধীনতার ঘোষণাপত্রের ভিত্তিতেই বাহাত্তরের সংবিধান রচিত হয়।
গতকাল বুধবার ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে স্বাধীনতার ঘোষণাপত্রের ৪৫তম বার্ষিকী উপলক্ষে ‘মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা: ইতিহাস বিকৃতিকরণ অপরাধ আইন’ বিষয়ে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এ আলোচনা সভার আয়োজন করে। সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী সভায় সভাপতিত্ব করেন।
আলোচনা সভায় আমীর-উল ইসলাম বলেন, ‘স্বাধীনতা এনেছি গণ-আন্দোলনের মাধ্যমে। একইভাবে গণসচেতনতার মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচার করতে পেরেছি।’ তিনি বলেন, ‘আমাদের সংবিধান ও স্বাধীনতার ঘোষণাপত্রের সৃষ্টি এক রক্তক্ষয়ী ঐতিহাসিক সংগ্রামের প্রেক্ষিতে। এই ঘোষণাপত্রে প্রদত্ত ক্ষমতাবলে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের পর অস্থায়ী সংবিধান ঘোষণা করা হয়। স্বাধীনতার ঘোষণাপত্রের সমর্থন ও স্বীকৃতি মেলে সংবিধানের প্রস্তাবনার প্রথম বাক্যে এবং সংবিধানের ১৫০(৩) অনুচ্ছেদে।’
আমীর-উল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের জাতীয় সম্মেলন হতে যাচ্ছে। আশা করি, এই সম্মেলন থেকে শেখ হাসিনা ধর্মের নামে সহিংসতার বিরুদ্ধে ঐক্যের ডাক দেবেন।’
শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শামসুল হুদা বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার চেষ্টা হচ্ছে। ইতিহাস বিকৃতিবিরোধী যে আইন হতে যাচ্ছে তাকে সুরক্ষা দিতে হবে। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী বলেন, ‘জিয়া কোনো দিনই দেশের স্বাধীনতা চাননি। তিনি ওই পারে গিয়েছিলেন পাকিস্তানের চর হিসাবে। মুক্তিযুদ্ধের সময় তাঁর বিরুদ্ধে কোর্ট মার্শাল করার সিদ্ধান্ত হয়েছিল।’
তানিয়া আমীর বলেন, মুজিবনগরে প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রথম সরকার ছিল সফল সরকার। একটা রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে সে সরকার পরিচালিত হয়েছে। সেই সরকারের সময় পৃথিবীর বিভিন্ন দেশ বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন দিয়েছে।
মুনতাসীর মামুন বলেন, ‘বর্তমান সরকারকে টিকিয়ে রাখার ব্যাপারে তাদের দলীয় কর্মীর চেয়ে আমাদের অবদান কম নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা না থাকলে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে কোনো পার্থক্য থাকবে না। একমাত্র প্রধানমন্ত্রীই দুই দলের মধ্যে পার্থক্য টিকিয়ে রেখেছেন।’
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বলেন, পঁচাত্তর-পরবর্তী সরকারগুলোর মধ্যে স্বাধীনতার ঘোষণাপত্র অস্বীকার করার প্রবণতা দেখা গেছে।