স্বাধীনতার ঘোষণা ও ঘোষণাপত্র সংবিধানের অংশ করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার ঘোষণা ও ঘোষণাপত্র সংবিধানের অংশ করা হবে। গতকাল রোববার সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি জানান, নারীর ক্ষমতায়ন ও জলবায়ু ইস্যুকে সংবিধানের মৌলিক বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। ক্ষুদ্র জনগোষ্ঠীকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার ব্যাপারেও কমিটি একমত হয়েছে।সুরঞ্জিত সেনগুপ্ত জানান, কেউ অবৈধভাবে ক্ষমতা দখল করে সংবিধান স্থগিত বা বাতিল করলে তা রাষ্ট্রদ্রোহ হিসেবে বিবেচিত হবে। বিশেষ কমিটি এ বিষয়ে জাতীয় সংসদের কাছে সুপারিশ করবে।সংসদ ভবনে বেলা ১১টায় বিশেষ কমিটির নবম বৈঠক শুরু হয়। কমিটির চেয়ারম্যান সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে সুরঞ্জিত সেনগুপ্ত, রহমত আলী, শেখ ফজলুল করিম সেলিম, রাশেদ খান মেনন, আনিসুল ইসলাম মাহমুদ, হাসানুল হক ইনু, হাসান মাহমুদ, শিরীন শারমিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।ব্রিফিংয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, যত তাড়াতাড়ি সম্ভব সংবিধান সংশোধনের কাজ শেষ করা হবে। সে জন্য কমিটি টানা বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে। ১৫ ও ১৬ মার্চও বৈঠক হবে। এরপর আগামী এপ্রিল-মে মাসের দিকে সংসদের একটি বিশেষ অধিবেশন ডাকা হবে। সেই অধিবেশনে সংবিধান সংশোধনের বিল উত্থাপন করা হবে এবং ওই অধিবেশনে শুধু সংবিধান নিয়েই আলোচনা হবে।সংবিধানের আধুনিকায়নের জন্য কমিটি বিশেষ কিছু বিষয়কে অন্তর্ভুক্তির সুপারিশ করবে বলে সুরঞ্জিত জানান। তিনি বলেন, রাষ্ট্রীয় চার মূলনীতি ১৯৭২-এর সংবিধানের অবিকল থাকবে। তবে এর সঙ্গে শর্তযুক্ত করে জলবায়ু ইস্যু, নারীর প্রতিনিধিত্ব (গণপ্রতিনিধিত্ব আদেশ অনুসারে) ও ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর অধিকারের বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করার ব্যাপারে কমিটি একমত হয়েছে। তিনি জানান, এ বিষয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংসদদের শিগগির বিশেষ কমিটির বৈঠকে ডাকা হবে।খন্দকার মোশতাক আহমেদ, বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম, জিয়াউর রহমান ও এইচ এম এরশাদের নাম উল্লেখ করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, একেক সময়ে একেক মহাপুরুষ আসেন, আর সংবিধান বাতিল বা স্থগিত করেন। এ বিষয়েও সংবিধানে সংশোধনী আনার সুপারিশ করা হচ্ছে। অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল, সংবিধান বাতিল বা স্থগিত, অবৈধভাবে ক্ষমতা দখলের জন্য শক্তি প্রদর্শন করলে বা ষড়যন্ত্র করলে তা রাষ্ট্রদ্রোহ হিসেবে বিবেচিত হবে। অবৈধ ক্ষমতা দখলকারীদের যারা মার্জনা, সমর্থন বা অনুুসমর্থন করবে, তারাও বিশ্বাসঘাতক বা রাষ্ট্রদ্রোহী হিসেবে গণ্য হবে।কমিটির কো-চেয়ারম্যান জানান, ১৯৭১ সালের ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণা এবং ১০ এপ্রিলের বাংলাদেশের অস্থায়ী সংবিধান বা স্বাধীনতার ঘোষণাপত্রকে সংবিধানের অংশ করা হবে। ইতিহাস বিকৃতি রোধ করতে এ দুটি বিষয়কে সংবিধানের অংশ করার প্রয়োজন রয়েছে।প্রসঙ্গত, এর আগে ২০০১ সালে আওয়ামী লীগের সরকারের আমলে তৎকালীন আইনমন্ত্রী আবদুল মতিন খসরু পুনর্মুদ্রিত (৩১ মে ২০০১) সংবিধানের পরিশিষ্টে স্বাধীনতার ঘোষণাপত্র যুক্ত করেছিলেন। তবে বিষয়টি সংবিধানের অংশ ছিল না। পরে বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট সরকারের সময়ে তৎকালীন আইনমন্ত্রী মওদুদ আহমদ পরবর্তী পুনর্মুদ্রণের মাধ্যমে সংবিধানের পরিশিষ্ট থেকে স্বাধীনতার ঘোষণাপত্র বাদ দেন।