স্বাধীনতার ঘোষণাপত্র ছাপানো সাইক্লোস্টাইল যন্ত্রটি হারিয়ে যাবে!

মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের অংশে পরিণত হয়েছে সাইক্লোস্টাইল যন্ত্রটি। বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাপত্র মুদ্রিত হয় এই যন্ত্র থেকেই। অথচ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার আনোয়ারা কলেজে অযত্ন–অবহেলায় পড়ে থেকে নষ্ট হচ্ছে এই ঐতিহাসিক নিদর্শন। স্থানীয় মুক্তিযোদ্ধাদের দাবি, মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরে সংরক্ষণ করা হোক যন্ত্রটি।
আনোয়ারা কলেজে গিয়ে দেখা গেছে, কলেজের লাইব্রেরি কক্ষে পড়ে থাকা যন্ত্রটির ওপর ধূলির আস্তরণ পড়েছে। ছবি তুলতে চাইলে কলেজের কয়েকজন কর্মচারী ধূলি ঝেড়ে দেন।
আনোয়ারা এলাকার মুক্তিযোদ্ধারা জানান, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে গ্রেপ্তার হওয়ার আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণাপত্রটি চট্টগ্রামের আওয়ামী লীগ নেতাদের কাছে পাঠান। আর সে ঘোষণাপত্রটি ব্যাপক প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগের নেতারা সাইক্লোস্টাইল যন্ত্রটির সাহায্যে সারা রাত ধরে স্বাধীনতার ঘোষণাপত্রের অসংখ্য অনুলিপি ছেপে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় পাঠান। পরে সেটি পরিত্যক্ত হয়ে পড়ে থাকে প্রয়াত আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান চৌধুরীর বাসভবন জুপিটর হাউসে। দেশ স্বাধীন হওয়ার পর আনোয়ারা কলেজ কর্তৃপক্ষ সেটি ব্যবহারের জন্য নিয়ে যায়। সে সময় থেকে যন্ত্রিট সেখানেই ।
আনোয়ারা কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক শাখার শিক্ষার্থী নাজমা আকতার প্রথম আলোকে বলে, ‘আমরা এখনো জানি না আমাদের কলেজে স্বাধীনতাযুদ্ধের স্মারক পড়ে আছে, এটা খুব কষ্টের কথা।’ কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মীর কাশিম চৌধুরী বলেন, ‘সাইক্লোস্টাইল যন্ত্রটি যে কলেজে আছে এটাই আমাদের জন্য গৌরবের, তবে এটি সরকারিভাবে সংরক্ষণ করা গেলে ভালো হতো।’
আনোয়ারা কলেজের অধ্যক্ষ মো. নাসির উদ্দিন বলেন, ‘আমাদের কলেজে এটি থাকায় আমরা গর্ববোধ করছি, এটি আমরা ভালোভাবে সংরক্ষণ করছি।’
তবে স্থানীয় মুক্তিযোদ্ধাদের চাওয়া অমূল্য এই সম্পদ জাদুঘরে সংরক্ষিত হয়। এ ব্যাপারে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রামের সাবেক সহকারী কমান্ডার রশিদ আহমদ প্রথম আলোকে বলেন, এটি মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরে পাঠানো উচিত, কারণ অযত্নে-অবহেলায় এক সময় নষ্ট হয়ে যেতে পারে।