স্বাধীনতার ঘোষণাপত্র ছাপানো সেই সাইক্লোস্টাইল যন্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাধীনতার ঘোষণাপত্র ছাপানো সাইক্লোস্টাইল যন্ত্র। ছবি: প্রথম আলো
স্বাধীনতার ঘোষণাপত্র ছাপানো সাইক্লোস্টাইল যন্ত্র। ছবি: প্রথম আলো

১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণাপত্রটি ব্যাপকভাবে প্রচারের উদ্যোগ নেন আওয়ামী লীগের নেতারা। সারা রাত ধরে ছাপা হয় সেই ঘোষণাপত্র। আর যে সাইক্লোস্টাইল যন্ত্রে ঘোষণাপত্র ছাপা হয়, সেটি এখনো ঐতিহাসিক নিদর্শন হিসেবে সংরক্ষণ করে রাখা হয়েছে চট্টগ্রামের আনোয়ারা কলেজে। কলেজ কর্তৃপক্ষের কাছেও তা গর্বের বিষয়।

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি শাসকদের হাতে আটকের আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণাপত্রটি চট্টগ্রামের আওয়ামী লীগ নেতাদের কাছে পাঠান। আর সে ঘোষণাপত্রটি ব্যাপক প্রচারের সিদ্ধান্ত নেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। তারই প্রেক্ষাপটে আওয়ামী লীগের নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবুর নগরীর জুপিটার হাউসের বাসায় যন্ত্রটি নিয়ে সারা রাত ধরে স্বাধীনতার ঘোষণাপত্রের অসংখ্য কপি করা হয়। তা চট্টগ্রামের বিভিন্ন এলাকায় পাঠানো হয়। পরে সেটি পরিত্যক্ত হয়ে পড়ে থাকে জুপিটর হাউসে। দেশ স্বাধীন হওয়ার পর সেটি আখতারুজ্জামান চৌধুরীর বাসা থেকে কলেজের জন্য চেয়ে নেন কলেজের তৎকালীন অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খান। সেটি দিয়ে বিভিন্ন সময় কলেজের প্রশ্নপত্র ছাপানোসহ নানান কাজে ব্যবহার করা হয়েছে। পরে তা কলেজ কর্তৃপক্ষ সংরক্ষণ করে রাখে।

গত বছরের ২৮ আগস্ট এশিয়ার অন্যতম বৃহৎ নৌশিক্ষা কেন্দ্র বাংলাদেশ মেরিন একাডেমির ৫৫ বছর পূর্তির এক অনুষ্ঠানে এটি প্রদর্শন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতিসংঘের বিশেষায়িত প্রতিষ্ঠান আন্তর্জাতিক নৌ সংস্থার সেক্রেটারি জেনারেল কিতাক লিম।

আনোয়ারা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রিদুয়ানুল হক বলেন, ‘সাইক্লোস্টাইল যন্ত্রটি আমরা কলেজে যত্ন সহকারে সংরক্ষণ করেছি। বিশেষ দিবসে এটি প্রদর্শনের ব্যবস্থা নেওয়া হয়। আমাদের কলেজে যন্ত্রটি থাকায় আমরা গর্ববোধ করি।’

আনোয়ারা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ফজল আহমদ বলেন, ‘মাস দু-এক পরে আনোয়ারায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন হবে। আমরা সাইক্লোস্টাইল যন্ত্রটি সেখানে নিয়ে নেওয়ার আবেদন করব।’

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রামের সাবেক সহকারী কমান্ডার (ত্রাণ ও পুনর্বাসন) রশিদ আহমদ বলেন, যন্ত্রটি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স বা স্মৃতি জাদুঘরে পাঠানো উচিত। কারণ, এটি মুক্তিযুদ্ধের ঐতিহাসিক নিদর্শন।

সাইক্লোস্টাইল যন্ত্রটি সম্পর্কে ২০১১ সালের নভেম্বরে চট্টগ্রামের বলাকা প্রকাশন থেকে সাংবাদিক-গবেষক জামাল উদ্দিনের প্রকাশিত ‘আনোয়ারা একাত্তরের গণহত্যা ও মুক্তিযুদ্ধ’ নামক বইয়ের ২০৩ ও ২০৪ নম্বর পৃষ্ঠায় বিস্তারিত উল্লেখ করা আছে।