স্বাধীনতার ঘোষণাপত্র ছাপানোর সেই সাইক্লোস্টাইল এখন!
বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণাপত্র ছাপানোর ঐতিহাসিক সাইক্লোস্টাইল মেশিনটি এখন চট্টগ্রামের আনোয়ারা কলেজে অযত্নে-অবহেলায় পড়ে আছে। এটি সংরক্ষণ করা না হলে মুক্তিযুদ্ধের ইতিহাসের গুরুত্বপূর্ণ এই উপকরণটি নষ্ট হয়ে যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে আটকের আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণাপত্রটি চট্টগ্রামে আওয়ামী লীগের নেতাদের কাছে পাঠান। সেটি ব্যাপক প্রচারের সিদ্ধান্ত নেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা। এর পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের নেতা আখতারুজ্জমান চৌধুরী বাবুর নগরের জুপিটার হাউসে বৈঠকে বসে একটি সাইক্লোস্টাইল মেশিন নিয়ে সারা রাত ঘোষণাপত্রের সে বার্তাটির অসংখ্য কপি ছাপিয়ে নগরের বিভিন্ন এলাকায় পাঠানো হয়।স্বাধীনতার পর সাইক্লোস্টাইল মেশিনটি আখতারুজ্জমান চৌধুরীর বাসা থেকে আনোয়ারা কলেজের জন্য চেয়ে নেন তৎকালীন অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খান। সেটি দিয়ে অনেক সময় কলেজের প্রশ্নপত্র ছাপানোসহ নানা কাজে ব্যবহার করা হয়। মোহাম্মদ হোসেন খান প্রথম আলোকে বলেন, ‘১৯৭২ সালে আমি আখতারুজ্জমান চৌধুরীর জুপিটার হাউসের এক কোণে মেশিনটি পড়ে থাকতে দেখে কলেজের জন্য চাই। মেশিনটি ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন বলে তিনি প্রথমে রাজি না হলেও পরে সেটি কলেজের জন্য দিতে রাজি হন। তখন থেকে এটি আনোয়ারা কলেজে।’আনোয়ারা কলেজে গিয়ে দেখা যায়, পরিত্যক্ত একটি কক্ষে কাগজপত্রের আড়ালে পড়ে আছে মেশিনটি। ছবি তোলার জন্য বের করা হলে দেখা যায়, এর ওপর ধুলাবালির স্তর জমে আছে। অনেক কষ্টে কলেজের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর সহায়তায় বের করে ছবি তোলা হয়। কলেজের অধ্যক্ষ মো. নাসির উদ্দিন জানান, স্বাধীনতার ঘোষণাপত্র ছাপানোর কাজে ব্যবহূত সাইক্লোস্টাইল মেশিনটি আনোয়ারা কলেজের গর্ব। কলেজ ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বলেন, কলেজে এটি আছে, এটা তাঁদের জন্য গর্বের।বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রামের সহকারী কমান্ডার রশিদ আহমদ বলেন, মেশিনটি কলেজে নষ্ট হচ্ছে। তাই এটি মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরে পাঠানো উচিত। স্থানীয় সাংসদ এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আখতারুজ্জমান চৌধুরী জানান, মেশিনটি মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরে পাঠানোর চিন্তাভাবনা চলছে।সাংবাদিক-গবেষক জামাল উদ্দিনের আনোয়ারায় একাত্তরের গণহত্যা ও মুক্তিযুদ্ধ বইয়ের ২০৩ ও ২০৪ পৃষ্ঠায় সাইক্লোস্টাইল মেশিনটি সম্পর্কে বিস্তারিত উল্লেখ আছে।