স্বাধীনতার চার দশকেও নির্মাণ হয়নি স্মৃতিসৌধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শুক্রবার বেতিয়ারা শহীদ দিবস। ১৯৭১ সালের এই দিনে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বেতিয়ারায় নয়জন তরুণ গেরিলা মুক্তিযোদ্ধা শহীদ হন। তাঁরা হলেন মো. সিরাজুম মুনীর জাহাঙ্গীর, বশিরুল ইসলাম মাস্টার, নিজাম উদ্দিন আজাদ, শহীদুল্লাহ সাউদ, আওলাদ হোসেন, দুুদু মিয়া, আবদুল কাইয়ুম, আবদুল কাদের ও মোহাম্মদ শফিউল্লাহ। কিন্তু দীর্ঘ ৪০ বছরেও শহীদদের জন্য স্মৃতিসৌধ হয়নি। পর্যাপ্ত অর্থ বরাদ্দ থাকলেও মেলেনি ভূমি অধিগ্রহণের অনুমতি। দিনটি পালন উপলক্ষে আজ শুক্রবার বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে। মুক্তিযোদ্ধাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, ১৯৭১ সালে দুই নম্বর সেক্টরের অধীনে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ভারতীয় সীমান্ত এলাকা বেতিয়ারায় গেরিলা তৎপরতা জোরদার করা হয়। ১১ নভেম্বর রাত ১২টার দিকে পাকিস্তানি হানাদার বাহিনী বিপুল অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গেরিলা বাহিনীর মুক্তিযোদ্ধাদের ওপর হামলা চালায়। ওই যুদ্ধে অংশ নিয়েছিলেন বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির বর্তমান সভাপতি মনজুরুল আহসান খান এবং ন্যাপ, কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের বৃহত্তর কুমিল্লা জেলা কমান্ডার ওমর ফারুকসহ শহীদ হওয়া নয়জন মুক্তিযোদ্ধা ও অন্যরা। ওই রাতে মুক্তিযোদ্ধাদের অনেকের অস্ত্র বাক্সবন্দী থাকার কারণে নয়জন মুক্তিযোদ্ধা শহীদ হন। অস্ত্র খোলার আগেই তাঁদের ব্রাশফায়ার করে হত্যা করা হয়। ঘটনাস্থলে ওই নয়জন মুক্তিযোদ্ধা শাহাদাতবরণ করেন। ২০০৭ সালের নভেম্বর মাসে তৎকালীন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আনোয়ারুল ইকবালের নির্দেশে একাত্তরের মুক্তিযুদ্ধে নিহত বীর শহীদদের স্মরণে কুমিল্লার চৌদ্দগ্রামের বেতিয়ারায় স্মৃতিসৌধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে তা সম্ভব হয়নি।জেলা পরিষদ সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার অংশের ডান পাশে ২৮৯ নম্বর দক্ষিণ বেতিয়ারা মৌজার সাবেক ৬৩২ নম্বর দাগে বেতিয়ারা স্মৃতিসৌধটি ছোট আকারে অবস্থিত। সড়ক ও জনপথ বিভাগের ভূমিতে পাকা সড়কসংলগ্ন বেতিয়ারায় একাত্তরের স্বাধীনতা যুদ্ধে একসঙ্গে নিহত নয়জন বীর মুক্তিযোদ্ধা স্মরণে ওই স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছিল। কিন্তু স্মৃতিসৌধটি সংরক্ষণ ও সড়ক সম্প্রসারণের প্রয়োজনে তা স্থানান্তর জরুরি হয়ে পড়ে। এ অবস্থায় সড়ক ও জনপথ বিভাগের মূল সড়কের সঙ্গে স্মৃতিসৌধে যাতায়াতের সংযোগ সড়ক নির্মাণের জন্য ১১ দশমিক ০৯ শতক ভূমি চিহ্নিত করা হয়েছে। ২০০৭ সালের নভেম্বর মাসে স্থানীয় সরকার মন্ত্রণালয়, জেলা পরিষদ এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা সরেজমিনে পরিদর্শন করে ওই জায়গা চিহ্নিত করেন। কিন্তু এখন পর্যন্ত ভূমি অধিগ্রহণ নিয়ে সড়ক ও জনপথ বিভাগের কোনো অনুমতি পাওয়া যায়নি। ন্যাপ কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন বলেন, ‘বেতিয়ারা এ অঞ্চলের মুক্তিযোদ্ধাদের কাছে খুবই পরিচিত একটি নাম। একাত্তরের রণাঙ্গনে সতীর্থ নয়জন সহযোদ্ধাকে আমরা সেখানে হারিয়েছি। শহীদদের স্মৃতি সংরক্ষণের জন্য নতুন করে স্মৃতিসৌধ হলে তা রক্ষণাবেক্ষণ করা সম্ভব হবে।’ কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সফিউল আহমেদ বাবুল বলেন, অবিলম্বে সেখানে স্মৃতিসৌধ নির্মাণ করা হোক। ভূমি অধিগ্রহণ নিয়ে জটিলতার কারণে সেখানকার কাজ শুরু করা যাচ্ছে না বলে তিনি জানিয়েছেন। বেতিয়ারায় আজ কর্মসূচি: আজ শুক্রবার দিনব্যাপী বেতিয়ারা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি রক্ষা পরিষদ নানা কর্মসূচির আয়োজন করেছে। এর মধ্যে পতাকা উত্তোলন, পুষ্পমাল্য অর্পণ, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে পরিচয়পর্ব। এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মনজুরুল আহসান খান। পরিষদের সভাপতি মো. সোলায়মান ও সাধারণ সম্পাদক মো. জিয়াউল হোসেন জিবু সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ করেছেন।