স্বাধীনতার চেতনা ছাত্রলীগের চাপাতির কাছে লন্ডভন্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয়ের ৪১ পর দেশের স্বাধীনতার চেতনা ছাত্রলীগের চাপাতির কোপে লন্ডভন্ড হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির নেতারা। গতকাল শনিবার বিকেলে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বিএনপি আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় নেতারা এ মন্তব্য করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘যে দলটি নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি দাবি করে, তাদের হাতেই স্বাধীনতার চেতনা ভূলুণ্ঠিত, ছাত্রলীগের চাপাতির কাছে লন্ডভন্ড। বিরোধী দলকে দমনের জন্য সরকার চাপাতি হাতে ছাত্রলীগকে মাঠে নামিয়েছে।’আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির মুখপাত্র ও স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম। কেন্দ্রীয় নেতাদের মধ্যে বক্তব্য দেন মওদুদ আহমদ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া প্রমুখ।এর আগে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে তরিকুল ইসলাম অভিযোগ করেন, বিরোধী দলকে দমন করতে ক্ষমতাসীন আওয়ামী লীগ অবৈধ অস্ত্র ব্যবহার শুরু করছে। তাঁর দাবি, সব অবৈধ অস্ত্র এখন আওয়ামী লীগের হাতে। এসব অস্ত্র দিয়ে তারা বিরোধী দলসহ জনগণের ওপর হামলা চালাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তি দাবিতে ঢাকার ঠাকুরগাঁওবাসীর উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অপর এক মানববন্ধন কর্মসূচিতে খন্দকার মোশাররফ হোসেন পাল্টা অভিযোগ করেন, ‘সরকারই দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।’ মির্জা ফখরুলের মুক্তি দাবি ও আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে এই মানববন্ধন করা হয়।