স্বাধীনতার চেতনা বাস্তবায়ন করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলার টিকরপুর ময়দান গতকাল শনিবার মুখরিত হয়ে ওঠে মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের পদচারণায়। দিনভর চলে মুক্তিযুদ্ধের সঞ্চৃতিচারণা এবং শিল্পীদের সংগীত-নৃত্য পরিবেশনা।মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ যোগ দেয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান বলেন, স্বাধীনতার চেতনা বাস্তবায়ন করতে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। স্বাধীন দেশের অতন্দ্র প্রহরী হয়ে তাঁদের সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করে ব্যারিস্টার আমিরুল ইসলাম বলেন, বাংলাদেশের প্রথম সরকার গঠনের আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল নবাবগঞ্জ থেকে। ঢাকা-কেরানীগঞ্জ-নবাবগঞ্জ ও দোহারের এই সড়কটির নাম স্বাধীনতা সড়ক হওয়া উচিত। প্রতিমন্ত্রী মান্নান খান বলেন, ১৯৭১ সালের ১ এপ্রিল আগলা টিকরপুর থেকে প্রথমে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল। এরই ধারাবাহিকতায় সারা দেশে মুক্তিযোদ্ধারা সংগঠিত হয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। নবাবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক গণপরিষদ সদস্য আবু মো. সুবিদ আলী। এ সময় আরও উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক নাট্যব্যক্তিত্ব লিয়াকত আলী লাকি, সাবেক সাংসদ খন্দকার হারুনুর রশিদ, সমাজকর্মী সিমিন হোসেন রিমি, ব্যারিস্টার তানিয়া আমির, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুল বাতেন মিয়া, আজিজুর রহমান প্রমুখ। সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর আয়োজনে মঞ্চস্থ হয় নাটক মুজিব মানে স্বাধীনতা।