স্বাধীনতার চেতনা নস্যাতে ১৫ আগস্টের হত্যাকাণ্ড

বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্রের সঙ্গে জিয়াউর রহমানের জড়িত থাকার অভিযোগ পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিযুদ্ধের বিজয়কে এবং যে আদর্শ নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল তাকে ভূলুণ্ঠিত করার জন্যই ১৫ আগস্টের নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়। প্রধানমন্ত্রী বলেন, ‘১৫ই আগস্ট শুধু একটি পরিবারকেই হত্যার উদ্দেশ্যেই ছিল না। এ হত্যার পরিকল্পনা ছিল বাঙালি জাতির বিজয়কে হত্যা করা। যে আদর্শ নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই আদর্শকে হত্যার চেষ্টা।’
মঙ্গলবার বিকেলে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য শেখ হাসিনা এসব কথা বলেন। খবর বাসস।
প্রধানমন্ত্রী বলেন, এই হত্যাকাণ্ডের পর আমরা দেখেছি বাংলাদেশ যে স্বাধীন দেশ, সেই বাংলাদেশকে পুনরায় যে শক্তিকে আমরা পরাজিত করেছিলাম সেই পাকিস্তানি হানাদার বাহিনীকেই দোসর বানাবার চেষ্টা করা হয়। যারা এ হত্যা কাণ্ড ঘটাল, তারা প্রতিনিয়ত আমাদের বাসায় যাতায়াত করত। খুনিরা কেউই অপরিচিত ছিলেন না। সেই পাকিস্তানি শত্রুরা যেটা পারে নাই, ঘরের আপনজন হয়ে, দিনরাত যারা ঘোরাঘুরি করত তারাই বেইমানি করল। তিনটি বাড়িতে একই সঙ্গে হত্যাকাণ্ড ঘটানো হলো। তিনি বলেন, যেহেতু আমাদের বাসাটা ছিল সকলের জন্য উন্মুক্ত। কাজেই যেকোনো সময় এসেই সোজা ঘরে ঢোকা বা বসে থাকা, জিয়াউর রহমান এবং তার স্ত্রী খালেদা তারাও প্রতিনিয়ত এই কাজটিই করত। তারা প্রায়ই এ বাসায় যাতায়াত করত।
জিয়াউর রহমান সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, মেজর জিয়াকে পদোন্নতি দেন জাতির পিতা বঙ্গবন্ধু। তিনি মেজর থেকে মেজর জেনারেল পর্যন্ত পদোন্নতি পান জাতির জনক বঙ্গবন্ধুরই হাতে। তার (জিয়ার) পারিবারিক সমস্যা ছিল তার স্ত্রী সঙ্গে। সেটাও জাতির পিতাই সমাধান করে দিয়েছিলেন। মাসের মধ্যে দুবার, তিনবার স্ত্রীকে নিয়ে আমাদের বাসায় চলে আসত (বঙ্গবন্ধু ভবন ধানমন্ডি ৩২-এ)। শেখ হাসিনা বলেন, হয়তো এই কথাগুলো আপনারা অনেকে জানেন না, আমি মনে করি এই কথাগুলো আপনাদের জানা উচিত। বাংলাদেশের মানুষের জানা উচিত, যে কীভাবে কত বড় বেইমানি হয়েছে। পাকিস্তানিরা যে বারবার চেষ্টা করেছে জাতির পিতাকে হত্যার, মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দিতে, এই পৃথিবী থেকে সরিয়ে দিতে, এমনকি’ ৭১ এর ২৬ মার্চ যখন তিনি (বঙ্গবন্ধু) স্বাধীনতার ঘোষণা দেন তখন তাঁকে গ্রেপ্তার করে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। বঙ্গবন্ধুর ফাঁসির হুকুম হলো। সেলের কাছে কবর খোঁড়া হলো, তারপরেও বিশ্বজনমতের চাপে ও ইয়াহিয়া খানের পতনের ফলে বঙ্গবন্ধু প্রাণে বেঁচে যান। এমনকি স্বাধীনতা ঘোষণার সঙ্গে সঙ্গে পাকিস্তানি বাহিনী যখন বঙ্গবন্ধুর বাড়ি আক্রমণ করে তখনই তাদের লক্ষ্য ছিল বঙ্গবন্ধুকে হত্যা করবে, কিন্তু পারে নাই।
কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, আবদুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কৃষক লীগের প্রকাশনা ‘কৃষকের কণ্ঠ’র মোড়ক উন্মোচন করেন।