স্বাধীনতার পক্ষে আসতে জামায়াত নেতাদের প্রতি হানিফের আহ্বান
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুব উল আলম হানিফ জামায়াত নেতা-কর্মীদের স্বাধীনতার পক্ষে আসার ও প্রগতিশীল দলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। যেসব জামায়াত নেতা-কর্মীর বয়স পঞ্চাশের নিচে তাঁদের উদ্দেশ্যে তিনি বলেন, যুদ্ধাপরাধী জামায়াত থেকে বের হয়ে নতুন জামায়াতে ইসলামী গঠন করুন।কুষ্টিয়া শিল্পকলা একাডেমী মিলনায়তনে গতকাল শনিবার এক সমাবেশে মাহবুব উল আলম হানিফ এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমি যানজট নিরসনে প্রধানমন্ত্রীর কাছে গত বছর একটি প্রস্তাব দিয়েছিলাম। প্রস্তাবটি ছিল, ঢাকা শহর থেকে পোশাক কারখানাগুলো সরিয়ে মালিকদের নিজ জেলায় স্থানান্তরের। এ জন্য কারখানার মালিকদের ব্যাংক থেকে পাঁচ শতাংশ সুদে ঋণ দেওয়ার কথাও বলেছিলাম। প্রধানমন্ত্রী উদ্যোগও নিয়েছিলেন। কিন্তু অর্থমন্ত্রী অনেক বয়স্ক, নানা চাপে হয়তো উনি ভুলে গেছেন। উনি উদ্যোগ নিতে পারেননি।’ সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের কাজে আমলাতান্ত্রিক জটিলতা আছে। তবে টাকার কোনো সমস্যা নেই। তিনি ফেব্রুয়ারি মাসের মধ্যে এ সড়কের কাজ শেষ করতে ঠিকাদার ও প্রকৌশলীকে অনুরোধ করেন। ফেব্রুয়ারি মাসের মধ্যে সড়কের কাজ শেষ না হলে ঠিকাদার ও প্রকৌশলী দুজনই দায়ী থাকবেন। দুজনের বিরুদ্ধেই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বনমালী ভৌমিক। এতে ইসলামি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আলাউদ্দিন, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান কাজী আকতার হোসেন, জেলা পরিষদের প্রশাসক জাহিদ হোসেন, পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ, শিল্পী আবদুল জব্বার ও জেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। তবে সমাবেশে কুষ্টিয়া জেলার চারটি আসনের মহাজোটের কোনো সাংসদ উপস্থিত ছিলেন না।