স্বাধীনতার পক্ষের শক্তির মধ্যে ঐক্যের আহ্বান জয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় একটি উন্নত বাংলাদেশের লক্ষ্যে ‘জয় বাংলা’ স্লোগান সমুন্নত রাখার মাধ্যমে স্বাধীনতার পক্ষের শক্তির মধ্যে জাতীয় ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানিয়েছেন। খবর বাসসের।
রাজধানীর সোনারগাঁও হোটেলে গতকাল শুক্রবার ‘জাতীয় ঐক্যের ডাক’ শীর্ষক এক কর্মসূচিতে বক্তৃতাকালে সজীব ওয়াজেদ বলেন, অভ্যন্তরীণ বিভেদ ভুলে গিয়ে স্বাধীনতার সপক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের চলমান উন্নয়ন প্রক্রিয়া অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের চেতনায় এই জাতীয় ঐক্য খুবই জরুরি।
স্বাধীনতাবিরোধী অপশক্তি ও তাদের মিত্রদের সঙ্গে কোনো প্রকার মতৈক্যের সম্ভাবনা নাকচ করে দেন সজীব ওয়াজেদ। তিনি বলেন, ‘সুশীল সমাজের সদস্যরা একটি জাতীয় ঐক্যের ব্যাপারে খুবই সোচ্চার। কিন্তু কী ধরনের জাতীয় ঐক্য চান তা পরিষ্কার নয়। আমাদের সুশীল সমাজের জাতীয় ঐক্যের দাবি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’
সুচিন্তা বাংলাদেশ আয়োজিত এ কর্মসূচিতে মন্ত্রী, আওয়ামী লীগের সিনিয়র নেতা, পদস্থ কর্মকর্তা, পেশাজীবী এবং ছাত্রছাত্রীরা অংশ নেন। সমাবেশে অন্যান্যের মধ্যে সুচিন্তা বাংলাদেশের আহ্বায়ক মোহাম্মদ আরাফাত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজ, ক্রিকেটার রকিবুল হাসান এবং বীরাঙ্গনা ও ভাস্কর্যশিল্পী ফেরদৌসী প্রিয়ভাষিণী বক্তব্য দেন।