দিনাজপুর প্রেসক্লাবের এম আবদুর রহিম মিলনায়তনে মুক্তিযুদ্ধকালে গেরিলা বাহিনীর সদস্যদের আগামী দিনের করণীয় বিষয়ক এক মতবিনিময় সভা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
ঐক্য ন্যাপের দিনাজপুর জেলা শাখা ওই সভার আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন মুক্তিযুদ্ধকালীন গেরিলা বাহিনীর ডেপুটি কমান্ডার ও ঐক্য ন্যাপের কেন্দ্রীয় কমিটির সভাপতি পঙ্কজ ভট্টাচার্য। তিনি বলেন, ১৯৭১ সালের স্বাধীনতাসংগ্রামে দলমত-নির্বিশেষে সম্মিলিত আন্দোলনের ফসল হচ্ছে আজকের স্বাধীনতা। এই সুফল প্রজন্ম থেকে প্রজন্মে ধরে রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করে যেতে হবে।
দিনাজপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মির্জা আনোয়ারুল ইসলাম মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঐক্য ন্যাপের জেলা শাখার সভাপতি কাজী আবু জাফর মো. লুৎফর রহমান চৌধুরী, দলটির সাধারণ সম্পাদক এম এম এ খালেক, মুক্তিযোদ্ধা আবদুল হাই সরকার, আবুল কালাম আজাদ, সাইফুল ইসলাম চৌধুরী, নীলুফার আহম্মেদ ও মো. তহিদুল ইসলাম।
পঙ্কজ ভট্টাচার্য বলেন, মহান স্বাধীনতাযুদ্ধে ছোট ছোট দলে বিভক্ত হয়ে সমন্বিতভাবে গেরিলা যুদ্ধ করার কারণে পাকিস্তানি হানাদার বাহিনী অতি দ্রুত দিশেহারা হয়ে পড়েছিল। গেরিলা বাহিনীর সদস্যরা পাকিস্তানি সেনাদের কাছে জিন ও ভূতের মতো আতঙ্ক হিসেবে খ্যাতি লাভ করেছিল।