বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দলটির নেতারা বলেছেন, স্বাধীনতার ৪৫ বছর অতিক্রান্ত হলেও এখনো সব মানুষের কাছে স্বাধীনতার সুফল পৌঁছেনি। স্বাধীনতার সুফল সবার কাছে পৌঁছে দিতে হবে।
গতকাল রোববার বিকেলে রাজধানীর মুক্তি ভবনে সিপিবির ঢাকা কমিটি আয়োজিত এই আলোচনা সভায় নেতারা বলেন, এ দেশের মানুষ জীবনবাজি রেখে যে শোষণ-বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দেশ স্বাধীন করেছিলেন, স্বাধীনতার এত দিন পরেও সে স্বপ্ন বাস্তবায়ন হয়নি।
আলোচনা সভায় কমিউনিস্ট পার্টির রাজনৈতিক ভূমিকার ইতিহাস তুলে ধরেন নেতারা। তাঁরা বলেন, দেশ ও জাতির কাঙ্ক্ষিত মুক্তির জন্য সমাজতন্ত্রের লক্ষ্যে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন সাধনে সিপিবি কাজ করে যাচ্ছে।
সিপিবির ঢাকা কমিটির সভাপতি আবদুল কাদেরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সভাপতিমণ্ডলীর সদস্য শামছুজ্জামান সেলিম, আহসান হাবিব, ঢাকা কমিটির সাধারণ সম্পাদক সাজেদুল হক প্রমুখ। সভা পরিচালনা করেন ঢাকা কমিটির সদস্য মানবেন্দ্র দেব। বিজ্ঞপ্তি।