স্বাধীনতার সুযোগ না দিলে অনেক অর্জন ম্লান হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বক্তব্য দিচ্ছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান l প্রথম আলো
বক্তব্য দিচ্ছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান l প্রথম আলো

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, ‘আমরা যদি মানুষের স্বাধীনতার সুযোগ দিতে না পারি তবে আমাদের অনেক অর্জন ম্লান হয়ে যাবে।’
কমিশন আয়োজিত ‘কনসালটেশন অন সেকেন্ড সাইকেল ইউপিআর রিকমেন্ডেশনস: স্ট্যাটাস অব ইমপ্লিমেন্টেশন’ শীর্ষক দুই দিনের অনুষ্ঠানে গতকাল সোমবার বিকেলে সমাপনী অধিবেশনে সভাপতির বক্তব্যে মিজানুর রহমান এ কথা বলেন।
মিজানুর রহমান বলেন, মানুষের মনে অনেক ব্যথা, বেদনা, ক্ষোভ, বঞ্চনার কথা রয়েছে। মন খুলে কথা বলতে পারলে সমস্যা চিহ্নিত করা যায়। তিনি বলেন, ‘আমাদের অনেক অর্জন আছে। আমরা বছরের প্রথম দিনে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষার্থীর হাতে বিনা মূল্যে পাঠ্যবই তুলে দিয়ে বিশ্বে অনন্য নজির সৃষ্টি করেছি। বিধবা, বয়স্ক, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হচ্ছে।’
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘ইউরোপের দেশগুলো যেমন করে শরণার্থীদের সামনে তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছে, আমরা রোহিঙ্গাদের সামনে তেমন করে দরজা বন্ধ করিনি। এসব অনেক অর্জন ম্লান হয়ে যায় যখন আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে জিরো টলারেন্স দেখানোর প্রতিশ্রুতি দিয়েও তা বন্ধ করতে পারি না।’
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কাউন্সিলে সর্বজনীন মানবাধিকার পর্যালোচনা (ইউপিআর) হয় চার বছর পরপর। এতে সদস্যদেশগুলোর মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করা হয়। ২০০৯ সালে প্রথম এবং ২০১৩ সালে দ্বিতীয় পর্যালোচনা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রথম থেকেই এতে অংশ নেয়। দ্বিতীয় পর্যালোচনায় বাংলাদেশ যে রিপোর্ট দিয়েছিল তাতে বিভিন্ন দেশ ১৯৬টি সুপারিশ করেছিল। ওই সুপারিশগুলোর বাস্তবায়ন পরিস্থিতি ২০১৭ সালের পর্যালোচনায় তুলে ধরা হবে। সুপারিশগুলোর বাস্তবায়ন পরিস্থিতি তুলে ধরতেই মানবাধিকার কমিশন রোববার থেকে দুই দিনের অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর নয়, বিয়ের বয়স ১৮ বছরই করা হবে। এ নিয়ে যে জটিলতার সৃষ্টি হয়েছে তা নিরসন করা হচ্ছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য কাজী রিয়াজুল হক, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ফশ, সুইডেনের রাষ্ট্রদূত ইউয়ান ফ্রিসেল ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (জাতিসংঘ) মুস্তাফিজুর রহমন।

এর আগে গতকাল ‘শিশু সুরক্ষা’, ‘ধর্মীয়, জাতিগত সংখ্যালঘুদের অধিকার ও পার্বত্য চট্টগ্রাম’, ‘নারীর অধিকার: সিডও সনদ ও বাংলাদেশ’ এবং ‘ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার: প্রতিবন্ধী, দলিত, শরণার্থী, তৃতীয় লিঙ্গ এবং অন্যান্য সংখ্যালঘু’ বিষয়ে পৃথক চারটি সেমিনার অনুষ্ঠিত হয়।