স্বাধীনতার ৪৩ বছর পর বধ্যভূমিতে স্মৃতিফলক
স্বাধীনতার ৪৩ বছর পর গতকাল রোববার কুড়িগ্রামের নাগেশ্বরী সন্তোষপুর ইউনিয়নের নিলুর খামার বধ্যভূমিতে একটি অস্থায়ী স্মৃতিফলক স্থাপন করা হয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত হয়ে এ স্মৃতিফলক স্থাপন করেন।
এ উপলক্ষে স্থানীয় লোকজনের উপস্থিতিতে সকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মণ্ডল, আইনজীবী এনামুল হক চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ কুড়িগ্রাম জেলা ইউনিটের ডেপুটি কমান্ডার আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি জ্যোতি আহমদ, সাধারণ সম্পাদক দুলাল বোস প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৭ নভেম্বর শবে কদরের রাতে নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুর খামার গ্রামের মানুষ ইবাদতে মশগুল ছিলেন। এ সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসর রাজাকার-আলবদররা অতর্কিত হামলা চালিয়ে ৭৯ জন নারী-পুরুষকে হত্যা করে ও পরে পুড়িয়ে ফেলে।
স্বাধীনতা লাভের পর ৪৩ বছরেও এ বধ্যভূমিতে সরকারি কিংবা বেসরকারি উদ্যোগে কোনো স্মৃতিসৌধ নির্মাণ করা হয়নি।
কুড়িগ্রামের সম্মিলিত সাংস্কৃতিক জোট একটি স্থায়ী স্মৃতিসৌধ নির্মাণের উদ্যোগ নিয়ে প্রাথমিকভাবে এখানে অস্থায়ী স্মৃতিফলক স্থাপন করেছে। আগামী বছরের মধ্যেই এখানে একটি স্থায়ী স্মৃতিসৌধ নির্মাণ করা হবে।