স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সজাগ থাকুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল চট্টগ্রামের ভাটিয়ারীতে বাংলাদেশ মিলিটারি একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৭৩তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স ও ৪৪তম বিএমএ বিশেষ কোর্সের ক্যাডেটদের রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন l ছবি: ফোকাস বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল চট্টগ্রামের ভাটিয়ারীতে বাংলাদেশ মিলিটারি একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৭৩তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স ও ৪৪তম বিএমএ বিশেষ কোর্সের ক্যাডেটদের রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন l ছবি: ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব পালনের পাশাপাশি দেশসেবায় নিজেদের নিয়োজিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।
চট্টগ্রামের ভাটিয়ারীতে গতকাল ৭৩তম বিএমএ লং কোর্স ও ৪৩তম বিএমএ স্পেশাল কোর্সের ক্যাডেটদের কমিশন প্রদান উপলক্ষে প্রেসিডেন্ট প্যারেডে ভাষণকালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। খবর বাসসের।
সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দায়িত্বপালনে সব সময় সজাগ থেকে নিজেদের দেশসেবায় আত্মনিয়োগ করতে হবে। সেনাবাহিনীর প্রধান ও অগ্রগণ্য ব্রত হচ্ছে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা।
প্রধানমন্ত্রী নতুন কমিশন পাওয়া কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘আপনারা বাংলাদেশ সেনাবাহিনীর বৃহৎ কর্মজীবনে প্রবেশ করতে যাচ্ছেন। আপনাদের ওপর ন্যস্ত হতে যাচ্ছে দেশমাতৃকার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব। এ দায়িত্ব পালনে আপনাদের সর্বদা সজাগ ও প্রস্তুত থাকতে হবে। শেষ রক্তবিন্দু দিয়ে হলেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করাই হবে আপনাদের জীবনের একমাত্র ব্রত।’
প্রধানমন্ত্রী প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মুহাম্মাদ শফিউল হক, বিএমএ কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. জাহাঙ্গীর কবির তালুকদার এবং ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল এম শফিকুর রহমান তাঁকে স্বাগত জানান।
প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী সুসজ্জিত কুচকাওয়াজ পরিদর্শন ও দৃষ্টিনন্দন মার্চপাস্টের অভিনন্দন গ্রহণ করেন। একাডেমিতে কৃতিত্বের জন্য তিনি শ্রেষ্ঠ ক্যাডেটদের পদক প্রদান করেন।
চলতি বছর শ্রীলঙ্কার একজন ও নেপালের একজনসহ মোট ১৯৪ জন ক্যাডেট কমিশন লাভ করেন। এর মধ্যে ৮ জন নারীসহ ১৮৯ জন ক্যাডেট ৭৩তম বিএমএ লং কোর্স এবং ৫ জন হচ্ছেন বিএমএ স্পেশাল কোর্সের।
ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার মো. আহসান উল্লাহ সর্ববিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য সোর্ড অব অনার এবং কোম্পানি সিনিয়র আন্ডার অফিসার মো. রুহানী রাব্বি হামজা সামরিক বিষয়ে পারদর্শিতার জন্য স্বর্ণপদক লাভ করেন।
ক্যাডেটরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন এবং প্রধানমন্ত্রী তাঁদের র্যাং ক ব্যাজ পরিয়ে দেন।