স্বাধীনভাবে ভোটের সুযোগ দেওয়ার আহ্বান
ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটারদের স্বাধীনভাবে তাঁদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে বাংলাদেশের রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গতকাল শুক্রবার ইইউ এর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। ব্রাসেলস থেকে বিবৃতিটি দিয়েছেন ইইউর মুখপাত্র।
বিবৃতিতে এই তিন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে আবার সহিংস পরিস্থিতি সৃষ্টি হতে পারে-এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সব পক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘আমরা রাজনৈতিক নেতাদের কাছ থেকে শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের অনুকূল পরিবেশ তৈরির পদক্ষেপ প্রত্যাশা করছি। ভোটারদের অবশ্যই স্বাধীনভাবে তাঁদের গণতান্ত্রিক পছন্দ প্রকাশের করার সুযোগ দিতে হবে।’
বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ও গণতান্ত্রিক উন্নয়নে সব রাজনৈতিক পক্ষের সহিংসতার অবসান ও উত্তেজনা কমাতে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া ও গঠনমূলক আচরণ করা উচিত।’