স্বাবলম্বী হয়ে ওঠার স্বপ্ন তাঁদের
আট বছর আগে নদীভাঙনে ভিটেমাটি, সহায়-সম্বল সব হারিয়েছিলেন ময়মনসিংহের মর্জিনা বেগম (৪০)। বাধ্য হয়ে এলাকা ছেড়ে রংপুরে চলে যান। ঠাঁই হয় সিটি করপোরেশন এলাকার চুরিপট্টি বস্তিতে। আট সদস্যের পরিবার তাঁর। এর বাড়ি ওর বাড়িতে কাজ করেও সংসার চলছিল না তাঁর। এভাবেই কেটেছে কয়েকটি বছর।
পাঁচ বছর আগে ধীরে ধীরে বদলে যেতে শুরু করে মর্জিনার জীবন। ইউএনডিপির (ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম) সহযোগিতায় ও ডিএফআইডির (ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট) অর্থায়নে নগর অংশীদারত্বের মাধ্যমে দারিদ্র্য হ্রাসকরণ কর্মসূচির আওতায় একটি প্রকল্প থেকে পাওয়া আর্থিক সহায়তায় ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন তিনি। একপর্যায়ে মুদি দোকান দেন। ওই দোকান থেকে এখন তাঁর দৈনিক আয় ৩০০ থেকে ৪০০ টাকা।
শুধু মর্জিনা নন, রংপুর নগরের কয়েকটি বস্তির হতদরিদ্র ৩০ হাজার পরিবারের স্বাবলম্বী হয়ে ওঠার স্বপ্ন অনেকটা একই রকম। এসব পরিবারের জীবনমান উন্নয়নে কাজ করছে ইউএনডিপি ও ডিএফআইডি। এ প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করছে সিটি করপোরেশন।
গতকাল রোববার রংপুর সিটি করপোরেশন এলাকায় প্রকল্পের কার্যক্রম দেখতে যান ইউএনডিপি বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর নিক ব্যারাসফর, ডিএফআইডির টিম লিডার গ্রাহাম গাস, ইউপিপিআরের আন্তর্জাতিক প্রকল্প ব্যবস্থাপক পার বার্টেলসন প্রমুখ। তাঁরা মাঠপর্যায়ে চুরিপট্টি বস্তিতে গিয়ে সুবিধাভোগীদের সঙ্গে কথা বলেন।