স্বাভাবিক জীবনে ফিরতে চাওয়ায় হত্যা করা হয় ৫ নারী চরমপন্থীকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন তাঁরা চরমপন্থী দলের সক্রিয় সদস্য ছিলেন। জড়িয়ে পড়েছিলেন বিভিন্ন অপরাধমূলক কাজে। একপর্যায়ে চেয়েছিলেন নিষিদ্ধ জীবন ছেড়ে স্বাভাবিক জীবনযাপন শুরু করতে। কিন্তু এটা মেনে নিতে পারেননি দলের অন্য সদস্যরা। কারণ, দল ছাড়লেই গোপন তথ্য ফাঁস হয়ে যাবে। তাঁদের আর স্বাভাবিক জীবনে ফেরা হয়নি। দলের সদস্যদের হাতেই তাঁরা খুন হয়েছেন। এই পাঁচ নারী চরমপন্থী হলেন, মেহেরপুর সদর উপজেলার রাশেদা, রাখি, ইসমত আরা ও হালিমা খাতুন এবং মাগুরা জেলার আলাইপুর গ্রামের আন্না। গত দুই বছরে বিভিন্ন সময়ে তাঁরা খুন হয়েছেন।পাঁচটি হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া ১২ চরমপন্থী গত দুই মাসে ম্যাজিস্ট্রেটের কাছে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। পুলিশ জানায়, প্রতিটি হত্যাকাণ্ড ঘটেছে বিস্তীর্ণ ফসলি জমির মাঝখানে। হত্যাকারীরা কোনো আলামত রেখে যায়নি। আবার কোনো প্রত্যক্ষদর্শীও খুঁজে পাওয়া যায়নি। তাই প্রথমদিকে হত্যার রহস্য উন্মোচনে পুলিশকে বেগ পেতে হয়। পুলিশ সুপার ইকবাল হোসেন জানান, নিহত হওয়া নারীদের বাড়ি থেকে মুঠোফোনের একাধিক সিম উদ্ধারের মধ্য দিয়ে প্রতিটি হত্যার জট খুলতে থাকে। তদন্তকালে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে একাধিক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ১২ চরমপন্থীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৪ জুন সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের কালীগাংনী ঘোড়াতলা মাঠের পাটখেতের মধ্য থেকে পুলিশ মাগুরার আন্নার জবাই করা লাশ উদ্ধার করে। চরমপন্থী দলের জন্য অস্ত্র-বোমা তৈরির সরঞ্জাম বহন ও সরবরাহসহ তথ্য আদান-প্রদান করা ছিল তাঁর কাজ। পরে মেহেরপুরের সহগলপুর গ্রামের আশরাফুলকে বিয়ে করে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করেন। আন্না পালিয়ে মেহেরপুরে এলেও খোঁজ পেয়ে চরমপন্থীরা মাঠের মধ্যে নিয়ে তাঁকে খুন করে। এ ঘটনায় পুলিশ পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) সদস্য রহিদুল ও মোশায়েদকে গ্রেপ্তার করে। তাঁরা ১০ আগস্ট আদালতে দেওয়া জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেন। পুলিশ জানায়, তারা গত ৪ ফেব্রুয়ারি সদর উপজেলার যাদবপুর গ্রামের একটি গমখেত থেকে রাশেদার জবাই করা লাশ উদ্ধার করে। দুদিন পর ৬ ফেব্রুয়ারি একই গ্রামের মসুর ডালের খেত থেকে উদ্ধার করা হয় রাখির লাশ। পুলিশ রাশেদা হত্যা মামলায় মিনারুল ও কাবিরুল এবং রাখি হত্যা মামলায় খাইদুলকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা চরমপন্থী দুখু বাহিনীর সদস্য। তাঁরা গত ৫ আগস্ট স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করেন। তাঁরা জানান, রাখি ও রাশেদা চরমপন্থী দলের সঙ্গে সম্পৃক্ত থাকার পাশাপাশি যৌনকর্মীও ছিলেন। হঠাৎ তাঁরা দলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। এর আগে গত বছরের ১৩ অক্টোবর মেহেরপুর শহরের পৌর কলেজপাড়ার একটি মাঠ থেকে ইসমত আরার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ গাংনীর খাসমহল গ্রামের রিয়াতুল্লাহ, জাকিরুল ও আবদুল্লাহকে গ্রেপ্তার করে। তাঁরা চরমপন্থী মোফাজ্জল গ্রুপের সদস্য। গত ২৮ জুলাই তাঁরা ১৬৪ ধারায় জবানবন্দিতে জানান, আর্থিক লেনদেন নিয়ে দলের অন্য চরমপন্থীদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ার পর ইসমত স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করেন। এ কারণে তাঁকে হত্যা করা হয়। এর আগে ২০০৮ সালের ২৫ অক্টোবর সদর উপজেলার গোপালপুর গ্রামের মাঠে জবাই করা অবস্থায় পুলিশ হালিমার লাশ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ কুষ্টিয়ার দৌলতপুর থেকে পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) সদস্য কানা শহীদুল, বিষু, ফিরোজ ও সাহেব আলীকে গ্রেপ্তার করে। তাঁরা গত ১০ জুন দেওয়া জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করে জানান, হালিমা বিভিন্ন ব্যক্তিকে নানা প্রলোভন দেখিয়ে চরমপন্থীদের কাছে নেওয়ার কাজ করতেন। একপর্যায়ে তিনি স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করেন। তাই তাঁকে হত্যা করা হয়। নিহত নারী সদস্যদের পরিবারের দাবি, তাদের মেয়েরা কখন অন্ধকার জীবন বেছে নিয়েছে, তা তাঁরা বুঝতে পারেননি। এ ব্যাপারে মেয়েদের প্রশ্ন করলে বলত, জীবিকার তাগিদে তারা কাজ করছে।