পলাতকজীবনের অবসান ঘটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের বরখাস্ত হওয়া সহকারী একান্ত সচিব (এপিএস) ওমর ফারুক তালুকদারের গাড়িচালক আজম খান। সরকার জীবনের নিরাপত্তা দিলে প্রয়োজনে যেকোনো তদন্ত বা মামলার মুখোমুখি হতেও রাজি আছেন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নওগাঁও গ্রামের বাসিন্দা আজম খান। আজমের সঙ্গে ফোনালাপের উদ্ধৃতি দিয়ে প্রথম আলোর প্রতিনিধির কাছে আজ রোববার দুপুরে মুঠোফোনে এসব কথা বলেন তাঁর বোন সৌদি-প্রবাসী সালমা বেগম। সালমা বেগম বলেন, তাঁর ভাই আজম অজ্ঞাত স্থান ও ফোন নম্বর থেকে গতকাল শনিবার দুপুরে তাঁকে জানিয়েছেন যে এখনো তিনি মনে করেন, রেলের অবৈধ টাকা ধরিয়ে দিয়ে সঠিক কাজটিই করেছেন। সালমা বেগম বলেন, ‘আজম লুকিয়ে থাকায় একমাত্র মেয়েকে নিয়ে তার স্ত্রী স্বপ্না বেগম খুবই অর্থকষ্টে আছে। অর্থাভাবে বন্ধ হয়ে গেছে তার মেয়ে রিয়ার লেখাপড়া।’