স্বাভাবিক জীবনে ফিরে আসছেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময়ে যে ‘গোলাপ বাহিনী’র সদস্যরা ছিনতাই ও ডাকাতি করতেন, তাঁরাই এখন এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। ইতিমধ্যে তাঁরা অপরাধমূলক কাজ বন্ধের উদ্যোগ হিসেবে গত বৃহস্পতিবার সড়কের দুই পাশের ঝোপঝাড় পরিষ্কার করেছেন।
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার হোসেননগর গ্রামে এক সুধী সমাবেশে গোলাপ বাহিনীর আটজন সদস্য ভবিষ্যতে আর অপরাধমূলক কাজে নিজেদের জড়াবেন না বলেও অঙ্গীকার করেছেন।
গোপীনাথপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) ও আক্কেলপুর থানা পুলিশ গত বৃহস্পতিবার সকালে এই সুধী সমাবেশের আয়োজন করে। সমাবেশে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম, গোপীনাথপুর ইউপি চেয়ারম্যান আবু সাঈদ জোয়ার্দার, ইউপি সদস্য আবদুর রাজ্জাক প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, সন্ধ্যা নামলেই উপজেলার ভানুরকান্দা শহীদ রাজন চেয়ারম্যান মোড়ে সড়কের দুই পাশের জঙ্গলে লুকিয়ে থাকা দুষ্কৃতকারীরা যানবাহন আটকিয়ে অনেকের মোটরসাইকেল, সাইকেল ও টাকাপয়সা ছিনিয়ে নিত। এক যুগেরও বেশি সময় ধরে একদল চিহ্নিত দুষ্কৃতকারী এভাবেই ছিনতাই ও ডাকাতি করছিল। আতঙ্কে সন্ধ্যার পর এ সড়ক দিয়ে যানবাহন ও মানুষ চলাচল করতে পারত না। গোলাপ বাহিনীই এসব অপকর্মের জন্য দায়ী বলে এলাকাবাসীর অভিযোগ ছিল। আর এর নেতৃত্বে ছিলেন গোলাপ হোসেন।
চেয়ারম্যান আবু সাঈদ জোয়ার্দার বলেন, ‘গোলাপ হোসেন ও তাঁর লোকজন সম্প্রতি স্বাভাবিক জীবনে ফিরে আসার কথা আমাদের কাছে ব্যক্ত করেন। পুলিশ প্রশাসন তাঁদের স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ করে দিয়েছে।’
ওসি আশরাফুল ইসলাম বলেন, গোলাপসহ তাঁর বাহিনীর সদস্যদের বিরুদ্ধে থানায় একটি ছিনতাই ও দুটি ডাকাতি মামলা রয়েছে। তাঁদের স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ দেওয়া হয়েছে।
গোলাপ হোসেন বলেন, ‘আমাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনায় সবার কাছে কৃতজ্ঞ। অন্য কেউ যাতে সড়কে অপরাধ না করে, এখন থেকে সেদিকে আমাদের খেয়াল থাকবে।’
শেষে গোলাপ হোসেন ও তাঁর লোকজন আক্কেলপুর-কাশিড়া সড়কের ভানুরকান্দা শহীদ রাজন চেয়ারম্যান মোড়ের জঙ্গলগুলো পরিষ্কার করেছেন।