স্বাভাবিক জীবনে ফিরে আসার শপথ ২০ মাদক ব্যবসায়ীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর বদলগাছিতে ২০ জন মাদক ব্যবসায়ী স্বেচ্ছায় মাদক ব্যবসা ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। তাঁরা আর কখনো নিজেদের মাদক ব্যবসায় জড়াবেন না বলে শপথ নিয়েছেন। গতকাল বদলগাছি থানা চত্বরে অনুষ্ঠিত কমিউনিটি পুলিশের সভায় তাঁরা এই শপথ নিয়েছেন। নওগাঁ জেলা পুলিশ সুপার (এসসি) মোজাম্মেল তাঁদের শপথবাক্য পাঠ করান।
উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্যে দেন বদলগাছি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা অলি আহমেদ রুমী চৌধুরী, বদলগাছি বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হামিদুর রহমান, বদলগাছির ইউএনও হুসাইন শওকত, অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, ওসি জালাল উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার জবির উদ্দিন, ওসি জালাল উদ্দিন, উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক খোরশেদ আলম।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ওই সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি নওগাঁর এসপি মোজাম্মেল হক স্বেচ্ছায় মাদক ব্যবসা ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা ২০ ব্যক্তিকে রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় তিনি তাঁদের লুঙ্গি ও গেঞ্জি উপহার দেন।
মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা মফিজুল হক বলেন, ‘মাদক ব্যবসা ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসায় খুব ভালো লাগছে। আর কখনো মাদক ব্যবসায় জড়াব না।’
এসপি মোজাম্মেল হক বলেন, মদ পরিবার, সমাজ, রাষ্ট্রকে ধ্বংস করছে। যাঁরা ব্যবসা ছেড়ে দিয়ে স্বেচ্ছায় স্বাভাবিক জীবনে ফিরতে চান পুলিশ তাঁদের সহায়তা করবে।
ওসি জালাল উদ্দিন বলেন, ‘উপজেলার ওই ২০ ব্যক্তি স্বেচ্ছায় মাদক ব্যবসা ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। আমরা তাঁদের স্বাগত জানিয়েছি।’