স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা
পরিবারের সদস্যদের সহানুভূতি ও সহায়তা পেলে যেকোনো মাদকাসক্ত তরুণ সুস্থ জীবনে ফিরে আসতে পারে। তবে এ ব্যাপারে মাদকাসক্ত ব্যক্তিরও সদিচ্ছা থাকতে হবে। দীর্ঘদিন মাদক সেবন করার পরও এই ভয়াবহ মরণনেশা থেকে যে মুক্ত হওয়া যায়, এর একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে এক তরুণ। এই তরুণের ঠিকানা মাদারীপুর শহরে।এ মরণনেশার টানে একসময় প্রতিদিন ওই তরুণের ১২০০-১৫০০ টাকার প্রয়োজন হতো। একপর্যায়ে মাদক কেনার টাকার জন্য তার মায়ের সঙ্গেও দুর্ব্যবহার করেছে সে। আজ ওই কিশোরের হাতে মাদক নয়, চলে এসেছে কম্পিউটারের মাউস। তার চোখজুড়ে সুন্দর জীবনের স্বপ্ন।এই তরুণের নাম নিরঞ্জন (ছদ্মনাম)। বয়স ১৭ বছর। বাবা অখিল চন্দ্র (ছদ্মনাম) একজন চিকিৎসক। মাদকের পেছনে আট বছরে সে ১০-১২ লাখ টাকা ব্যয় করেছে। মাদক না পেলে সে তার মা-বাবাকে অকথ্য ভাষায় গালাগাল করত। এমন ভয়াবহ পরিস্থিতিতে বাবা অখিল চন্দ্র ছেলের দিকে সহায়তার হাত বাড়িয়ে দেন। অখিল চন্দ্র তাঁর ছেলেকে বরিশাল নগরের ক্লাব রোডের একটি মাদক নিরাময় কেন্দ্রে নিয়ে আসেন। এখানে ৯০ দিন চিকিৎসা নেওয়ার পর সে এখন অনেক সুস্থ হয়েছে।সম্প্রতি ওই মাদক নিরাময় কেন্দ্রে গিয়ে দেখা যায়, নিরঞ্জন কম্পিউটারে কাজ করছে। ওই কেন্দ্রের একজন কর্মকর্তা জানান, নিরঞ্জন এখন অনেক সুস্থ। সে কিছুদিনের মধ্যেই স্বাভাবিক জীবনে ফিরতে পারবে। নিরঞ্জন জানায়, ভবিষ্যতে আর কেউ যাতে এই মরণনেশার দিকে না আসে, সে জন্য সে সচেতনতামূলক কাজ করবে।