স্বাভাবিক জীবনে ফেরায় পুনর্বাসন করল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার ৭২ জন মাদক ব্যবসায়ী ও গোপীনাথপুর ইউনিয়নের ২৩ জন ডাকাত-ছিনতাইকারী স্বাভাবিক জীবনে ফিরে আসায় তাঁদের পুনর্বাসন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে স্থানীয় মুজিবুর রহমান (এমআর) ডিগ্রি কলেজের মাঠে অনুষ্ঠিত ‘মাদক ও মাদক ব্যবসায়ীমুক্ত’ অনুষ্ঠানে তাঁদের রিকশা-ভ্যান, সেলাই মেশিন ও ঢেউটিন দেওয়া হয়েছে। আক্কেলপুর থানা-পুলিশ প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ কে এম জুলফিকার আলী। বিশেষ অতিথি ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক আবদুর রহিম, মুখ্য বিচারিক হাকিম মোসাম্মৎ ইসমত আরা, জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক এস এম সোলায়মান আলী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কমল, ইউএনও গোলাম মো. শাহনেওয়াজ, পৌর মেয়র আলমগীর চৌধুরী, থানার ওসি আশরাফুল ইসলাম প্রমুখ।
জেলা ও দায়রা জজ কে এম জুলফিকার আলী বলেন, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী ও ডাকাতেরা সমাজের সুস্থ ধারায় ফিরে আসছেন সেটি সবার জন্য একটি ভালো সংবাদ। স্থানীয় জনগণের সহযোগিতায় পুলিশ প্রশাসন তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করেছে, এটিও একটি ব্যতিক্রমী ঘটনা। সরকারি কর্মক্ষেত্রে থেকে সৎ কাজ করা সম্ভব, এই অনুষ্ঠান তাঁরই একটি বড় উদাহরণ।
জেলা প্রশাসক আবদুর রহিম বলেন, ‘মাদক সমাজকে ধ্বংস করছে। আমরা মাদককে ঘৃণা করি, মাদক ব্যবসায়ী বা সেবীদের নয়। যাঁরা মাদক ব্যবসা ছেড়ে সমাজের সুস্থ ধারায় আসতে চান, প্রশাসন তাঁদের সহায়তা দেবে।’
পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম বলেন, প্রতিদিনই মাদকের মামলা হচ্ছে। মাদক মামলার জট কমলে পুলিশের পক্ষে আরও সেবা দেওয়া সম্ভব। যদি পুলিশের কোনো সদস্য মাদকের সঙ্গে জড়িত বা সহযোগিতার প্রমাণ পাওয়া যায়, তাঁর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
থানা সূত্রে জানা জানা যায়, ওই ৭২ জনের বিরুদ্ধে বিভিন্ন সময়ে মামলা ছিল। একাধিকবার জেলে গেছেন। কিছুদিন পর তাঁরা আদালত থেকে জামিনে ছাড়া পেয়ে আবার একই কাজে জড়িয়ে পড়েন। পুলিশ থানায় থাকা তালিকা, কমিউনিটি পুলিশ ফোরাম ও এলাকার লোকজনে কাছে খোঁজখবর নিয়ে তাঁদের একটি প্রাথমিক তালিকা করেন। থানার ওসি পৌরসভা ও গোপীনাথপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে গিয়ে জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে উঠান বৈঠক করেন। এসব বৈঠকে তাঁদের ডাকা হয়। বৈঠকে তাঁরা জানান, তাঁরা কেউই অপরাধী হয়ে জন্ম নেননি। সাংসারিক অভাব-অনটনের কারণে অপরাধী হতে বাধ্য হয়েছেন। কর্মের ব্যবস্থা করা হলে তাঁরা কেউই নিজেকে আর অপরাধকাজে জড়াবেন না। এরপর তাঁদের পুনর্বাসনের সিদ্ধান্ত নেওয়া হয়। এলাকার বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে তাঁদের পুনর্বাসনে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
আক্কেলপুর থানার ওসি আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, এলাকাবাসী সহযোগিতা না করলে পুলিশের পক্ষে একা এত বড় কাজ সম্ভব ছিল না। তাঁদের ৩৮টি সেলাই মেশিন, ৩৩টি রিকশা-ভ্যান, একটি কৃত্রিম পা, একটি ক্রাচ ও ১৮ বান্ডিল ঢেউটিন দিয়ে পুনর্বাসন করা হয়েছে। ১৫ জনের ছেলেমেয়ের লেখাপড়ার জন্য ৪৫ হাজার টাকা দেওয়া হয়েছে।
স্বাভাবিক জীবনে ফিরে আসা মফিজ হোসেন (২৫) বলেন, ‘এলাকার লোকজন আগে আমাকে দেখে ঘৃণা করত। এখন মাদক ব্যবসা ছেড়ে দিয়েছি, তাই সবাই আমাকে ভালোবাসছে।’