স্বাভাবিক মৃত্যু গড়াল হত্যা মামলায়!
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চরিয়াকোনা গ্রামের পঁচাত্তর বছরের বৃদ্ধ আবদুল হাসিম দীর্ঘদিন ধরে হাঁপানি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। গত ৮ জানুয়ারি ভাতিজা নজরুল মিয়ার দোকানে চা খেতে বসে মারা যান তিনি। গ্রামের মসজিদের মাইকে তাঁর স্বাভাবিক মৃত্যুর খবর প্রচার করা হয়। পরদিন জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।এ ঘটনার এক মাস পর প্রতিপক্ষকে ফাঁসাতে আবদুল হাসিমকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ এনে কটিয়াদী থানায় মামলা করতে যান তাঁর স্ত্রী মরিয়ম বেগম। পুলিশ সেই মামলা নেয়নি। ১৪ ফেব্রুয়ারি মরিয়ম বেগম বাদী হয়ে কিশোরগঞ্জ বিচারিক হাকিম আদালত-৫-এ একটি হত্যা মামলা করেন। এতে মানিক সিংহাসহ ১১ জনকে আসামি করা হয়।মামলায় সাক্ষী করা হয়েছে কটিয়াদী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কাশেমকে। তিনি বলেন, ‘মামলাটি সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা। আবদুল হাসিম স্বাভাবিকভাবেই মারা গেছেন। জমিজমা নিয়ে বিরোধ আছে বলে প্রতিপক্ষকে ঘায়েল করতে মামলাটি করা হয়েছে। আমাকে কীভাবে সাক্ষী করা হলো, বুঝতে পারছি না।’পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, মৃত হাসিম ও তাঁর আত্মীয়দের সঙ্গে গ্রামের শুধা রানী সিংহা, তাঁর ভাই মানিক সিংহা, রতন সিংহা, মনা সিংহা, শংকর সিংহা, রতন সূত্রধর, ধীরা সূত্রধর, অহিনন্দ সূত্রধরের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে একাধিকবার হাসিম, তাঁর ছেলে সিরাজ, মেরাজ ও সরাজ এবং এলাকার মিঠু মিয়া একাধিকবার সংখ্যালঘু ওই পরিবারের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে।সর্বশেষ ৩ ফেব্রুয়ারি সিরাজ, মেরাজ, সরাজ ও মিঠু মিয়ার নেতৃত্বে শুধা রানী সিংহার বাড়িতে হামলা চালানো হয়। দা দিয়ে কুপিয়ে শুধা রানী সিংহাকে (৪৮) গুরুতর আহত করা হয়। এ সময় মনা সিংহা ও শংকর সিংহাও আহত হন। পরে স্থানীয় লোকজন শুধা রানীকে উদ্ধার করে প্রথমে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কিশোরগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করে। ১০ দিন চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন। শুধা রানী বাজিতপুর হালিমপুর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের উপসহকারী স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে কর্মরত। ওই ঘটনায় তিনি কটিয়াদী থানায় একটি মামলা করেন।এলাকাবাসী ও সংখ্যালঘু পরিবারের সদস্যদের অভিযোগ, ওই মামলা দায়েরের পর ক্ষুব্ধ হয়ে বিবাদীরা আদালতে মিথ্যা হত্যা মামলা করেন। মরিয়ম বেগম মামলাটি দায়েরের পর আদালত সেটি আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণের জন্য কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।মৃত আবদুল হাসিমের স্ত্রী মরিয়ম বেগম দাবি করেন, তাঁর স্বামীকে পিটিয়েই হত্যা করা হয়েছে। তবে শুধা রানী সিংহা বলেন, ‘আবদুল হাসিম স্বাভাবিকভাবে মারা গেছেন। এটা এলাকার জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ জানে। আমরা সংখ্যালঘু বলে আমাদের হয়রানি করতে এ মামলা করা হয়েছে।’কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আকবর বলেন, ‘মরিয়ম বেগমের দায়ের করা হত্যা মামলাটি সম্পূর্ণ মিথ্যা এবং প্রতিপক্ষকে হয়রানি ও ঘায়েল করার জন্য করা হয়েছে। ঘটনাটি খুবই দুঃখজনক।’কটিয়াদী থানার ওসি ফরিদ উদ্দিন বলেন, ‘চরিয়াকোনা গ্রামে গত ৮ জানুয়ারি কোনো লোককে পিটিয়ে হত্যা করা হয়েছে তা জানা নেই। আদালতের নির্দেশ এখনো পাইনি। আদালত থেকে কাগজপত্র আসার পর তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’