স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন ১২৯ জন বাংলাদেশি হাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ১২৯ জন বাংলাদেশি হাজি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন। এ ছাড়া মিনায় পদপিষ্ট হয়ে ৭৯ জন বাংলাদেশি হাজির নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। খবর ইউএনবির।
ধর্ম মন্ত্রণালয়ের সচিব চৌধুরী মোহাম্মদ বাবুল হাসান গতকাল রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় তিনি আরও বলেন, ‘যদিও এখনো প্রায় ৭০ জন হাজি নিখোঁজ রয়েছেন, তবু আমাদের আশা, নিহত হাজির সংখ্যা আর বাড়বে না।’
সচিব বাবুল হাসান জানান, যাঁরা স্বাভাবিকভাবে মারা গেছেন, তাঁদের মধ্যে ১২৫ জন পুরুষ ও চারজন নারী। হাজিদের মরদেহ দেশে ফেরত আনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হাজিদের লাশ ফেরত পাঠানোর কোনো নিয়ম সৌদি সরকারের নেই। এ বিষয়ে বাংলাদেশ সরকার সৌদি কর্তৃপক্ষকে অনুরোধ জানানোর কোনো সিদ্ধান্ত নিলে এ ব্যাপারে জানাবে পররাষ্ট্র মন্ত্রণালয়।
ধর্মসচিব জানান, গত শনিবার পর্যন্ত ৪৪ হাজার ২০৭ জন হাজি দেশে ফিরেছেন। ২৮ অক্টোবরের মধ্যে সবাই ফিরবেন।
এদিকে গতকাল আরব নিউজের এক খবরে বলা হয়েছে, মিনার এক উপত্যকায় চল্লিশোর্ধ্ব একজন পুরুষ বাংলাদেশি হাজির মরদেহের সন্ধান পেয়েছেন এক সৌদি নাগরিক। তথ্য-প্রমাণে জানা যায়, তিনি পথ হারিয়ে ওই উপত্যকায় যান এবং সেখানে তাঁর মৃত্যু হয়। গত মঙ্গলবার ওই সৌদি নাগরিক বিষয়টি কর্তৃপক্ষকে জানান। লাশটি উদ্ধার করে মক্কার কিং ফয়সাল হাসপাতালে রাখা হয়েছে।
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা বলেছেন, দেশটির ২৯টি হাসপাতালে আহত বাংলাদেশি হাজিরা চিকিৎসা নিচ্ছেন। আহত হাজির সংখ্যা ৯৩ জন। কর্মকর্তারা বলেছেন, নিহত বাংলাদেশি হাজির সবার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
গত ২৪ সেপ্টেম্বর হজের পরদিন শয়তানের প্রতীক স্তম্ভে পাথর মারতে যাওয়ার পথে মিনায় পদদলিত হয়ে বাংলাদেশসহ বিভিন্ন দেশের হাজিরা মারা যান।
সৌদি আরব এখন পর্যন্ত ৭৬৯ জন হাজির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। দেশটি বলেছে, এ সময় আহত হয়েছেন আরও আট শতাধিক। তবে এ ঘটনায় কতজন হাজি মারা গেছেন, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ইরান বলেছে, পদদলিত হয়ে মৃতের সংখ্যা দুই হাজার হবে।