স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা দাবি চিকিৎসকদের
দেশজুড়ে নাশকতা ও পুড়িয়ে মানুষ হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক, চিকিৎসক, নার্স, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। আজ মঙ্গলবার বেলা একটা থেকে দুইটা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে হরতাল ও অবরোধ প্রত্যাহারের দাবি জানান। তাঁরা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করে তাঁর বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা বলেন, ‘হরতাল ও অবরোধে পেট্রলবোমায় পুড়ে যাওয়া রোগীদের ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে জরুরি চিকিৎসা দেওয়া হয়। এভাবে আগুনে পুড়ে মানুষ বার্ন ইউনিটে আসুক, আমরা তা চাই না। আমরা চাই মানুষের স্বাভাবিক মৃত্যু হোক। আমরা যেন সুস্থভাবে অসুস্থ রোগীদের সেবা করতে পারি। ’
মানববন্ধনে বক্তব্য দেন সাবেক সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ হাসান, সাধারণ সম্পাদক ইকবাল আর্সলান, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ইসমাইল হোসেন ও পরিচালক মুস্তাফিজুর রহমান।