স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তার দাবিতে মানববন্ধন
স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা ও সড়ক দুর্ঘটনা নিয়ে কঠোর আইনের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে ‘ছাত্র-শিক্ষক পেশাজীবী জনতা’। গতকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনের একই দাবিতে ২৭ জানুয়ারি শহীদ মিনার প্রাঙ্গণে আমরণ অনশনের কর্মসূচি ঘোষণা করা হয়।মানববন্ধনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘আমাদের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি ছিনিয়ে নেওয়া হয়েছে। সম্প্রতি সড়ক দুর্ঘটনায় সাংবাদিক দীনেশ নিহত ও নিখিল ভদ্র পঙ্গু হয়েছেন। এ আন্দোলন আমাদের বাঁচার সংগ্রাম।’ তিনি নিজ দলের সংহতি প্রকাশের পাশাপাশি আপামর জনসাধারণকে এ আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান।রাজনীতিক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘সড়ক দুর্ঘটনার কারণে দেশ আজ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। আন্তরিকতা, মানবতা, মানুষকে বাঁচানোর তাগিদ থাকলেই সড়ক দুর্ঘটনা রোধ করা যায়।’ তিনি সড়ক দুর্ঘটনার জন্য দায়ীদের শাস্তি, দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ, চালকদের প্রশিক্ষণসহ বিভিন্ন দাবি উত্থাপন করেন। সংস্কৃতিকর্মী রোকেয়া প্রাচী বলেন, ‘এ আন্দোলন কোনো চালক ও মালিকের বিরুদ্ধে নয়। এ আন্দোলনে তাঁদেরও সুযোগ-সুবিধার কথা বলা হচ্ছে। সুতরাং এটি ১৬ কোটি মানুষের আন্দোলন।’মানববন্ধনে সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক দীনেশ দাসের বন্ধু মেহেদী আজাদ এবং ২০০৯ সালে নিহত যুবক সাইফ আহমেদের বাবা ইকরাম আহমেদও বক্তব্য দেন। মানববন্ধন শেষে আন্দোলনকারীরা মৌন মিছিল করে বাসচাপায় সাংবাদিক দীনেশ দাসের নিহত হওয়ার স্থান কাকরাইলে যান। প্রয়াত দীনেশের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে তাঁরা দুর্ঘটনাস্থলে মোমবাতি জ্বালান।