স্বাভাবিক হচ্ছে কবাখালী বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালার কবাখালী বাজারের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। আতঙ্ক কাটিয়ে লোকজন দোকানপাট খুলতে শুরু করেছেন। লোকজনের মধ্যে ভীতি ও আতঙ্ক কাটাতে গত রোববার আওয়ামী লীগের নেতারা বাজারে বৈঠক করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাজার এলাকায় সাধারণ মানুষকে হামলা ও হুমকি দেওয়া হলে অভিযুক্তদের পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে বৈঠকে জানানো হয়। ৬ আগস্ট আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় জড়িত নন এমন কাউকে মামলায় জড়ানো হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. নওশাদের বিরুদ্ধে আনা অভিযোগের ব্যাপারেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
কবাখালী বাজার এলাকার আব্দুর রহমানসহ কয়েকজন বলেন, আওয়ামী লীগের নেতাদের আশ্বাস ও ঘোষণার পর কবাখালী বাজারের দোকানপাট খুলতে শুরু করেছে। বিভিন্ন জায়গা থেকে লোকজন বাজারে আসছেন। যে পক্ষটি বাজারে আসতে বাধা ও এলাকায় আতঙ্ক সৃষ্টি করছিল, তাদের দেখা যাচ্ছে না।
খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেন বলেন, ‘নওশাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আমরা শুনেছি। ১২ আগস্ট জেলা কমিটির বৈঠকে তাঁর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে সিদ্ধান্ত হবে।’
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কবাখালী মুসলিমপাড়া এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ কাশেমসহ নেতারা কবাখালী বাজারে বৈঠক করেছেন। অভিযুক্ত ওই যুবলীগ নেতাকে সতর্ক করা হয়েছে।