স্বাভাবিক হতে শুরু করেছে রেল চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার অশোকতলায় উদয়ন এক্সপ্রেসের লাইনচ্যুত বগির উদ্ধারকাজ চলছে। এই কর্মীদের অক্লান্ত পরিশ্রমেই রেল যোগাযোগ স্বাভাবিক হতে শুরু করেছে। ছবি: এম সাদেক
কুমিল্লার অশোকতলায় উদয়ন এক্সপ্রেসের লাইনচ্যুত বগির উদ্ধারকাজ চলছে। এই কর্মীদের অক্লান্ত পরিশ্রমেই রেল যোগাযোগ স্বাভাবিক হতে শুরু করেছে। ছবি: এম সাদেক

১৮-দলীয় জোটের ডাকা ৭১ ঘণ্টার রাজপথ, নৌপথ ও রেলপথ অবরোধের শেষ দিনে আজ বৃহস্পতিবার থেকে স্বাভাবিক হতে শুরু করেছে সারা দেশের রেল যোগাযোগ-ব্যবস্থা। অবরোধের শেষ দিনে রাজধানী ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক থাকলেও বন্ধ রয়েছে ঢাকা-চট্টগ্রাম রুটে।
কমলাপুর রেলওয়ে স্টেশনের নিয়ন্ত্রণকক্ষ সূত্রে জানা যায়, গতকাল রাতে রেললাইন উপড়ে ফেলায় কুমিল্লায় উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এদিকে দুই দিন বন্ধ থাকার পর বেলা সোয়া ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ রুটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এ ছাড়া অন্য রুটগুলোয়ও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
সকাল থেকে মোট ১২টি ট্রেন কমলাপুর স্টেশনে এসেছে এবং সেগুলো গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে। এর মধ্যে ইশা খাঁ এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, পারাবাত এক্সপ্রেস, ধূমকেতু এক্সপ্রেস ও কর্ণফুলী এক্সপ্রেস যথাসময়ে স্টেশন ছেড়ে গেছে। তবে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস কিছুটা দেরিতে, তিস্তা এক্সপ্রেস ৭.২০-এর পরিবর্তে সাড়ে ১১টার দিকে ও এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনটি ৮.১০-এর পরিবর্তে বেলা একটায় কমলাপুর স্টেশন ছেড়েছে।
কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন খান প্রথম আলো ডটকমকে জানান, অধিকাংশ ট্রেনই নির্ধারিত সময়ে স্টেশনে এসেছে এবং স্টেশন ছেড়েছে। তবে রংপুর এক্সপ্রেস ও একতা এক্সপ্রেস ট্রেন দুটি সকালে আসার কথা থাকলেও এখনো স্টেশনে এসে পৌঁছেনি বলে জানান তিনি।
যাত্রীদের দুর্ভোগ
এদিকে কয়েকটি ট্রেন যথাসময়ে স্টেশনে না আসায় দুর্ভোগে পড়েছে যাত্রীরা। বিশেষ করে চট্টগ্রাম, রংপুর ও দিনাজপুরগামী যাত্রীদের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে।
কমলাপুর রেলওয়ে স্টেশনের যাত্রী বিশ্রামাগারে কথা হয় মো. সোহেলের সঙ্গে। তিনি রংপুর থেকে ঢাকায় চাকুরির পরীক্ষা দিতে এসেছেন। তিনি জানান, গতকাল বুধবার তাঁর পরীক্ষা ছিল। আজ সকালে ট্রেনের টিকিট নিয়েছেন তিনি। ট্রেনের অপেক্ষায় সকাল সাতটা থেকে স্টেশনে বসে আছেন। বেলা দুইটা নাগাদও ট্রেন স্টেশনে এসে পৌঁছেনি। ট্রেন কখন আসবে, সে ব্যাপারে স্টেশনের কেউ নির্দিষ্ট করে কিছু বলতে পারছেন না।

ট্রেনের অপেক্ষায় থাকা মোকসেদ আলী নামের অপর যাত্রী বলেন, ‘আমাদের কথা লিখে কী হবে। তারা তো টেবিলে বসে কর্মসূচি দেয়, আর দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষের।’ ব্যক্তিগত কাজে তিনি দিনাজপুর যাবেন বলে সকাল থেকে স্টেশনে বসে আছেন। নির্ধারিত সময়ে ট্রেন না আসায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।

কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক খায়রুল বশীর বলেন, ‘এতে আমাদের কিছু করার নেই। আমরা ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’ গত দুদিনের তুলনায় আজ ট্রেন চলাচল অনেকটা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে বলে জানান তিনি।

খায়রুল বশির আরও বলেন, ‘রেলওয়ে জনগণের সম্পদ। জনগণ যাতে আটকে না পড়ে, তাদের যেন দুর্ভোগ পোহাতে না হয় এবং জনগণের চলার গতি যাতে থেমে না যায়, সে বিষয়ে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।’ জনগণকে জিম্মি করে এমন কর্মসূচি না দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর প্রধান পরিদর্শক মোহাম্মাদ শহীদল্লাহ বলেন, ‘১৮ দলের অবরোধকে ঘিরে বেশ কিছু সহিংসতার ঘটনা ঘটেছে। অনেক জায়গায় রেললাইন উপড়ে ফেলা হয়েছে। বেশ কয়েকটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। বিগত দিনে এ ধরনের নাশকতা আমরা দেখিনি। তবে রেলওয়ের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত লাইন মেরামত এবং দুর্ঘটনায় পড়া ট্রেনের উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।’ রেলওয়ের নিরাপত্তা-ব্যবস্থাও জোরদার করা হয়েছে বলেও তিনি জানান।