স্বাভাবিক হয়নি নিয়মিত ফ্লাইট, তবে হজ ফ্লাইটে সমস্যা নেই
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইটসূচি এখনো স্বাভাবিক হয়নি। গতকাল বুধবারও চারটি আন্তর্জাতিক গন্তব্যের ফ্লাইট নির্দিষ্ট সময়ে উড়াল দিতে পারেনি। তবে হজ ফ্লাইট পরিচালনায় কোনো সংকট নেই।বিমানের মহাব্যবস্থাপক খান মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, গত সোমবার থেকে শুরু হওয়া বিমানের হজ ফ্লাইট ঠিকঠাকভাবে চলছে। গতকাল রাত পর্যন্ত বাংলাদেশ বিমানে পাঁচ হাজার ৯৮০ জন হজযাত্রী সৌদি আরব গেছেন। তিনি দাবি করেন, নিয়মিত ফ্লাইটসূচিও পর্যায়ক্রমে ঠিক হয়ে আসছে।হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, গতকাল ঢাকা থেকে দুবাই, কুয়ালালামপুর এবং সৌদি আরবের জেদ্দা ও দাম্মাম ফ্লাইটের উড়ালসূচি পেছানো হয়েছে। এর আগের দিন গত মঙ্গলবার ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের আটটি ফ্লাইট বিলম্বিত হয়েছে। এসব ফ্লাইটের উড্ডয়নসূচি পুনর্নির্ধারণ করা হয়।বিমান সূত্র জানায়, আগামী রোববার ভাড়া করা একটি বোয়িং ৭৬৭ উড়োজাহাজ আসছে। সেটি নিয়মিত ফ্লাইট পরিচালনায় যুক্ত করা হলে পরিস্থিতি আরও উন্নত হবে। চট্টগ্রাম থেকে হজ ফ্লাইটের দাবি: চট্টগ্রাম থেকে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জানান, সেখান থেকে সরাসরি হজ ফ্লাইট চালুর দাবিতে গতকাল সকালে চট্টগ্রামের ষোলশহরে বিমানের স্থানীয় কার্যালয় ঘেরাও করেছে হজ এজেন্সি এবং ট্রাভেল এজেন্টদের সংগঠন হাব ও আটাব। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এই ঘেরাও কর্মসূচিতে এসে সংহতি জানান সাবেক মেয়র ও আওয়ামী লীগের নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীসহ বিভিন্ন সংঠনের নেতারা। এ সময় হাব ও আটাবের পক্ষ থেকে ছয় দফা দাবিতে বিমানের চট্টগ্রাম জেলা ব্যবস্থাপকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে অনতিবিলম্বে চট্টগ্রাম-জেদ্দা-চট্টগ্রাম হজ ফ্লাইট চালু, ঢাকা থেকে জেদ্দাগামী ডিসি-১০-এর ফ্লাইট চট্টগ্রাম হয়ে যাতায়াত, ঢাকা থেকে জেদ্দাগামী চট্টগ্রামের হজযাত্রীদের জন্য চট্টগ্রাম থেকে ফ্লাইটের ব্যবস্থা, ৩৫ দিনের মধ্যে হাজিদের দেশে ফেরত আনার নিশ্চয়তা, বিদেশি এয়ারলাইনসগুলোতেও হজযাত্রী পরিবহনের ব্যবস্থা করার দাবি জানানো হয়। অন্যথায় চট্টগ্রামের ১০ হাজার হজ যাত্রীর দায়দায়িত্ব বাংলাদেশ বিমানকে নিতে হবে বলে হুঁশিয়ার করা হয়।