স্বাভাবিক হয়ে আসছে বাঁশখালীর জনপদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ছয় দিনের তাণ্ডব ও থমথমে পরিবেশের পর গতকাল বুধবার চট্টগ্রামের বাঁশখালীতে স্বস্তি ফিরে এসেছে। রাস্তাঘাটে গাড়ির পাশাপাশি হাটবাজারে মানুষের আনাগোনাও বেড়েছে। তবে নাপোড়ায় ভেঙে দেওয়া সেতু সংস্কার না হওয়ায় দক্ষিণ বাঁশখালীর চার ইউনিয়নের সঙ্গে সদরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।সাতকানিয়ার ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকানপাট খুললেও সাধারণ মানুষের মনে এখনো শঙ্কা রয়ে গেছে। যেকোনো সময় আবারও ধ্বংসযজ্ঞ শুরু হতে পারে বলে আশঙ্কা করছে অনেকে।বাঁশখালীর বিভিন্ন মাদ্রাসার প্রধান ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে উপজেলা প্রশাসন। বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও রাজনৈতিক নেতাদের সঙ্গেও আলাদা বৈঠক করেছে প্রশাসন। নতুন করে কোনো সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেদিকে সবাইকে সজাগ থাকার অনুরোধ জানানো হয় সভায়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির ইকবাল বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক। তবে ফোর্স মোতায়েন থাকবে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে ধীরে ধীরে তা তুলে নেওয়া হবে। দক্ষিণ চট্টগ্রামের চার ইউনিয়নের সঙ্গে এখনো সড়ক যোগাযোগ স্থাপন না হওয়ার বিষয়টি স্বীকার করেন ইউএনও।সরেজমিনে গিয়ে দেখা যায়, গতকাল সকাল থেকে উপজেলা কার্যালয়ের পুড়ে যাওয়া বিভিন্ন স্থাপনা দেখছিল লোকজন। এসব কার্যালয়ের কর্মকর্তারা প্রতিদিনের মতো অফিসে আসেন। কিন্তু কয়েকটি কার্যালয় বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানকার কর্মকর্তা-কর্মচারীরা পুরোদমে কাজ করতে পারেননি।একইভাবে পুড়ে যাওয়া বাঁশখালী আদালত ভবনেও আইনজীবী ও কর্মকর্তা-কর্মচারীরা গিয়েছেন। কিন্তু তাঁদের বসার কোনো জায়গা ছিল না। কয়েকজনকে বারান্দায় একটি লম্বা টুলে বসে কিছু নথিপত্র নাড়াচাড়া করতে দেখা যায়।জামায়াত অধ্যুষিত দক্ষিণ বাঁশখালীতেও পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। পুঁইছড়ির নাপোড়া এলাকায় ভেঙে ফেলা সেতুটির সংস্কারকাজ শুরু হয়েছে। তবে তা শেষ হতে আরও দুই দিন লাগতে পারে বলে জানা গেছে।পুঁইছড়ি ইউপি চেয়ারম্যান মঈনুদ্দিন কবির চৌধুরী বলেন, ‘সেতু মেরামত ধীরগতিতে চলছে। পাশের বিকল্প সড়কটিও নির্মিত হয়নি, তাই যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। তবে, দক্ষিণ বাঁশখালী এখন স্বাভাবিক হয়ে এসেছে। যানবাহন চলছে।’সাতকানিয়া ও লোহাগাড়ার বিভিন্ন ব্যাংকে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত হলেও তাঁদের হাতে তেমন কাজ নেই। লোহাগাড়ায় বিভিন্ন ব্যাংকের ভেঙে ফেলা কাচের জায়গায় কাপড় ঝুলিয়ে রাখা হয়েছে। একাধিক ব্যাংকের কর্মকর্তা জানান, তাঁরা মেরামত করার সাহস পাচ্ছেন না।এলাকার সাধারণ মানুষ ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, নতুন করে সহিংসতা শুরুর আশঙ্কায় বাজারে ক্রেতাদের আনাগোনা কম। সাতকানিয়ার কেরানীহাট এলাকার মাংস বিক্রেতা জমির উদ্দিন বলেন, এখন পরিস্থিতি শান্ত, কিন্তু লোকজন বাজারে আসছে না। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান জানান, এলাকার পরিস্থিতি আপাতত শান্ত।সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীতে গত তিন দিনে নতুন করে অতিরিক্ত ৫০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। তাদের রাখা হচ্ছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও কমিউনিটি সেন্টারে। পুলিশের উপস্থিতির কারণে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।লোহাগাড়া মোস্তাফিজুর রহমান কলেজে এক প্লাটুন পুলিশ অবস্থান করায় গতকাল সেখানে কোনো ক্লাস হয়নি। কলেজের অধ্যক্ষ মো. মফিজুর রহমান বলেন, ‘পুলিশ অবস্থান করার কারণে কয়েক দিন শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার অনুরোধ করা হয়েছে। আমরাও তা নিরাপত্তার স্বার্থে মেনে নিয়েছি।’পুলিশ সুপার হাফিজ আকতার বলেন, ‘আমরা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য নানা উদ্যোগ নিচ্ছি। মানুষের মধ্যে আস্থা ফেরাতে বিভিন্ন এলাকায় নিয়মিত বৈঠক হচ্ছে। তবে যারা অপরাধ করেছে, তাদের একবিন্দু ছাড় দেওয়া হবে না।’ তিনি বলেন, ‘ইতিমধ্যে আমরা সব সড়ক থেকে প্রতিবন্ধকতা তুলে দিয়েছি। একই সঙ্গে অপরাধীদের ধরতে অভিযানও অব্যাহত রয়েছে।’