স্বাভাবিক হয়ে আসছে বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটি শহরের সমতাঘাটে ফলের পাইকারি বাজার গতকাল থেকে বসতে শুরু করেছে। পাহাড়ধসে সড়ক যোগাযোগ বন্ধ থাকায় এই বাজারে বেচাকেনা নয় দিন বন্ধ ছিল। ছবিটি সকাল সাড়ে আটটায় তোলা l প্রথম আলো
রাঙামাটি শহরের সমতাঘাটে ফলের পাইকারি বাজার গতকাল থেকে বসতে শুরু করেছে। পাহাড়ধসে সড়ক যোগাযোগ বন্ধ থাকায় এই বাজারে বেচাকেনা নয় দিন বন্ধ ছিল। ছবিটি সকাল সাড়ে আটটায় তোলা l প্রথম আলো

রাঙামাটির বনরূপা বাজারের সমতাঘাট। ঘাটে নোঙর করা কমপক্ষে ৫০টি নৌযান। নামানো হচ্ছে আম, কাঁঠাল, কলা, আনারসসহ নানা সবজি। চারদিকে ব্যস্ততা। নৌযানের মাঝি ও চাষিদের হাঁকডাকে সরগরম ঘাট। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় দেখা যায় এ চিত্র।

১৩ জুন পাহাড়ধসের পর সড়ক যোগাযোগ বন্ধ থাকায় ফলমূল ও সবজি বিক্রির পাইকারি এই বাজার অনেকটাই ক্রেতাশূন্য ছিল। উপজেলা থেকে উৎপাদিত পণ্য নিয়ে চাষিরাও আসেননি। কারণ, পাইকারি বিক্রেতা ছিল না। নয় দিন পর আবার কোলাহলমুখর হয়ে উঠেছে বাজারটি।

কথা হয় লংগদু উপজেলা থেকে হাটে আসা কিরণ চাকমার সঙ্গে। তিনি নিজ বাগানের ১৫০টি কাঁঠাল নিয়ে এসেছেন বিক্রির জন্য। পাইকারি ক্রেতারা প্রতিটির দাম ১৫ টাকার বেশি দিতে চাচ্ছিলেন না।

কিরণ চাকমা বলেন, ‘এত দিন সড়ক যোগাযোগ বন্ধ ছিল। তাই কাঁঠাল আনিনি। কাল সড়ক ঠিক হওয়ার খবর পেয়ে আজ (বৃহস্পতিবার) নিয়ে এসেছি। কিন্তু দাম ঠিকমতো পাচ্ছি না।’

কিরণের মতো নানিয়ারচরের রনেল চাকমা, বাঘাইছড়ির যতীন চাকমা, বরকলের নলীনী চাকমাসহ আরও অনেকে নিজ নিজ বাগানের আম, আনারস ও কাঁঠাল নিয়ে বাজারে আসেন। সড়ক যোগাযোগ পুনঃস্থাপন হলেও পণ্যের ঠিকমতো দাম পাচ্ছেন না বলে বিক্রেতাদের অভিযোগ। তবে বাজার পরিস্থিতি আগের চেয়ে ভালো বলে তাঁরা স্বীকার করেন।

পাহাড়ধসের আট দিন পর রাঙামাটির সঙ্গে চট্টগ্রামের সড়ক যোগাযোগ পুনঃস্থাপিত হওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। পাহাড়ধসে রাঙামাটি- চট্টগ্রাম সড়কটির বিভিন্ন স্থানে ভেঙে যায়। ওই দিন থেকে সড়ক যোগাযোগ বন্ধ ছিল। পাহাড়ধসের ঘটনায় রাঙামাটিতে এ পর্যন্ত ১২০ জন মারা যাওয়ার খবর নিশ্চিত করেছে জেলা প্রশাসন।

প্রধান সড়কের সাপছড়ি এলাকার ভাঙা অংশ মেরামত শেষে গত বুধবার দুপুরে হালকা যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়। সিএনজি অটোরিকশা ছাড়াও এই সড়ক দিয়ে এখন ছোট ট্রাক (পিকআপ) ও ব্যক্তিগত গাড়ি চলাচল করছে।

ছোট পিকআপ যোগে কিছু পণ্য আনা-নেওয়াও চলছে। জ্বালানি তেলের সংকটের কারণে রাঙামাটি শহরের বন্ধ হয়ে যাওয়া পেট্রলপাম্পগুলোও দুই দিন আগে থেকে তেল বিক্রি করছে। নৌপথে তেল আনা হয়েছিল বলে পেট্রলপাম্প মালিকেরা জানান। এখন পরিস্থিতি আরও উন্নত হয়েছে বলে ব্যবসায়ীরা মনে করছেন।

সরেজমিনে দেখা গেছে, রাঙামাটির বিভিন্ন উপজেলা থেকে ফল ও সবজি নিয়ে লোকজন সদরে আসা শুরু করেছেন। এ ছাড়া চট্টগ্রাম থেকেও আসছে পণ্যসামগ্রী। তবে পরিবহন খরচ বেশির অজুহাতে পাইকারি ব্যবসায়ীরা ন্যায্য দাম দিতে চাচ্ছেন না।

সমতাঘাটে মৌসুমি ফল কিনতে আসেন চট্টগ্রামের ব্যবসায়ী আবদুল হালিম। তিনি বলেন, ‘প্রতিটি আনারস আড়াই থেকে চার টাকায় কিনছি। কারণ পরিবহন খরচ বেশি। আমরা পোষাতে পারব না।’

রাঙামাটির বৃহত্তর বনরূপা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আবু সৈয়দ বলেন, আগে থেকেই নৌপথে পণ্য আসছিল। এখন সড়ক পথেও আসছে। পরিস্থিতি এখন অনেক ভালো। প্রতিটি ব্যবসা একটি অপরটির সঙ্গে নির্ভরশীল। তাই পুরোপুরি স্বাভাবিক হতে একটু সময় লাগছে।

রাঙামাটির বিভিন্ন বাজার থেকে কেনা মৌসুমি ফল বোঝাই করা হচ্ছে ছোট ট্রাকে। এসব ফল যাবে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে। শহরের ট্রাক টার্মিনাল থেকে গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো
রাঙামাটির বিভিন্ন বাজার থেকে কেনা মৌসুমি ফল বোঝাই করা হচ্ছে ছোট ট্রাকে। এসব ফল যাবে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে। শহরের ট্রাক টার্মিনাল থেকে গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো

এদিকে সড়ক যোগাযোগ বন্ধ থাকার অজুহাতে যেভাবে কাঁচা বাজার কিংবা ভোগ্যপণ্যেও দাম বাড়ছিল তার লাগাম টেনে ধরাও সম্ভব হয়েছে। সবজির বাজার স্বাভাবিক বলে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে। বিভিন্ন উপজেলার পাশাপাশি চট্টগ্রাম থেকেও প্রচুর সবজি আসছে।

গতকাল বৃহস্পতিবার তবলছড়ি, রিজার্ভ বাজার ও বনরূপা বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি আলু ১৮ থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁকরোলের কেজি ৪০ থেকে ৪৫ টাকা ও পটল ৩০ থেকে ৩৫ টাকা। এ ছাড়া প্রতি কেজি মোটা চাল ৪৫, পেঁয়াজ ২০, চিনি ৬৫ ও মসুর ডাল ৮০ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। তবে মাছের দাম বেশি। কাপ্তাই হ্রদ থেকে মাছ ধরা বন্ধ থাকায় মাছের দাম বেশি বলে জানা গেছে।

ত্রিদিব নগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি স্নেহাশীষ চাকমা বলেন,‘ জিনিসপত্রের দাম সাধ্যের মধ্যেই আছে। কোনো কিছুর দাম বেশি নয়। যদি কেউ বেশি দামে বিক্রি করে তাহলে আমরা ব্যবস্থা নেব।’

 তবলছড়ি বাজারের মুদি দোকানি হারাধন দাশ বলেন, বাজারের পরিস্থিতি এখন অনেক ভালো। জিনিসপত্রের দাম বাড়েনি। চালসহ সবকিছুর সরবরাহ ঠিক আছে।

ঈদকে সামনে রেখেও বিভিন্ন ব্যবসায়ী তাঁদের পণ্যসামগ্রীর সম্ভার বাড়াচ্ছেন। বনরূপা বিএম মার্কেটের বিভিন্ন দোকান ঘুরে এই চিত্র দেখা গেছে।

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক হয়ে গেছে। এখন আশ্রয় নেওয়া লোকজনকে সরকারি-বেসরকারি পর্যায়ে ত্রাণ বিতরণও চলছে। সড়ক যোগাযোগের পর আরও বেশি করে পণ্য আসা শুরু হয়েছে। কৃত্রিম সংকট তৈরির সুযোগ নেই।

এদিকে পাহাড়ধসে ১২০ জনের প্রাণহানি ছাড়াও প্রায় ১ হাজার ৭০০ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বলে জেলা প্রশাসন প্রাথমিকভাবে জানিয়েছে। তবে ক্ষয়ক্ষতির চূড়ান্ত তালিকা গতকাল পর্যন্ত করা সম্ভব হয়নি।