স্বাভাবিক হয়ে আসছে মিটফোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা তিন দিন বন্ধ থাকার পর গত বৃহস্পতিবার রাত থেকে স্যার সলিমুল্লাহ মেডি-কেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাসেবা শুরু হয়েছে। তবে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা কাজে যোগ দিলেও গতকাল শুক্রবার পর্যন্ত শিক্ষানবিশ চিকিৎসকেরা কাজে যোগ দেননি।

গতকাল শুক্রবার দুপুরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা গেছে, জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীরা টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে আছেন।
জরুরি বিভাগের টিকিট মাস্টার জাহিদুল হক বলেন, জরুরি বিভাগের চিকিৎসাসেবা চালু করা হয়েছে। বৃহস্পতিবার রাত আটটা থেকে শুক্রবার দুপুর দুইটা পর্যন্ত সেবা নিয়েছেন ৫৭ জন রোগী। হাসপাতালের পথ্য ব্যবস্থাপক গোলাম মোস্তফা জানান, হাসপাতালে চিকিৎসাধীন ২৮০ জন রোগীর বৃহস্পতিবার রাত থেকে নিয়মিত খাবার দেওয়া হচ্ছে।

গত সোমবার হাসপাতালের রক্ত পরিসঞ্চালন বিভাগে এক রোগীর রক্ত পরীক্ষা নিয়ে শিক্ষানবিশ চিকিৎসক ও মেডিকেল কলেজের ছাত্রদের সঙ্গে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বিরোধ হয়। সোমবার রাতে ও মঙ্গলবার দিনভর দুই পক্ষের মধ্যে মারধর ও পাল্টাপাল্টি ধাওয়ার কারণে চিকিৎসাসেবা প্রায় বন্ধ হয়ে যায়। দায়ী কর্মচারীদের শাস্তির দাবিতে শিক্ষানবিশ চিকিৎসকেরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকেন। শিক্ষার্থীরা ক্লাস বর্জনের ডাক দেন। কর্তৃপক্ষ কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে ছাত্রদের হোস্টেল ছাড়তে নির্দেশ দেয়।

হাসপাতালে গিয়ে দেখা গেছে, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা হাসপাতালে কাজে যোগ দিলেও গতকাল শুক্রবার পর্যন্ত শিক্ষানবিশ চিকিৎসকেরা কাজে যোগ দেননি।
মেডিকেল কলেজ শাখার ছাত্রলীগ সভাপতি ও শিক্ষানবিশ চিকিৎসক শোয়াইবুল ইসলাম বলেন, কলেজ বন্ধ ঘোষণা করায় অনেক ছাত্র হল ত্যাগ করেছেন। তাঁরা ফিরে এলেই শিক্ষানবিশ চিকিৎসকেরা শনিবার থেকে কাজে যোগ দেবেন।