স্বাভাবিকভাবে পার্বত্য চুক্তি বাস্তবায়িত হবে মনে করি না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, স্বাভাবিকভাবে পার্বত্য চুক্তি বাস্তবায়িত হবে, তা আর মনে করি না। যেভাবে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে সরকারকে চুক্তিতে বাধ্য করেছি, সেভাবে চুক্তি বাস্তবায়নে বাধ্য করতে হবে। এ সংগ্রামে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।’গতকাল মঙ্গলবার বেলা ১১টায় পাহাড়ি ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার ১৫তম বার্ষিক সমেঞ্চলন ও কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা এসব কথা বলেন। রাঙামাটি শহরের আউটার স্টেডিয়ামে আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র চত্বরে এ অনুষ্ঠান হয়। সন্তু লারমা বলেন, ‘সরকারের নীতিনির্ধারকেরা মনে করেন, আমরা আর কী করতে পারব। কিন্তু আমরা যে করতে পারি, তা অতীতের ইতিহাস বলে দেয়। প্রয়োজনে সে পথে যেতে হবে।’ পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সভাপতি রিপেশ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, জনসংহতি সমিতির রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক নিলোৎপল খীসা, মহিলা সমিতির সভাপতি জড়িতা চাকমা, যুব সমিতির সাধারণ সম্পাদক তাপস চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি ত্রিজিনাদ চাকমা। স্বাগত বক্তব্য দেন রাঙামাটি জেলা শাখার সহসাধারণ সম্পাদক রনো চাকমা। পরে আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে পাহাড়ি ছাত্র পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত হয়।