স্বামী, শ্বশুর ও শাশুড়িকে হারিয়ে দিশেহারা গৃহবধূ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিষাক্ত মদপানে স্বামী, শ্বশুর ও শাশুড়ির মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছেন গৃহবধূ অঞ্জলি ভগত। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকায় গত বুধবার রাতে তাঁরা বিষাক্ত মদ পান করেন। এতে বৃহস্পতি ও শুক্রবার ওই তিনজনসহ ১০ জন মারা যান। স্থানীয় লোকজন জানান, মদপানে অঞ্জলি ভগতের স্বামী সুমন ভগত (৩০), শ্বশুর সুধীর ভগত (৫৫) ও শাশুড়ি চানতারা ভগতের (৪৫) মৃত্যু হয়।এ অবস্থায় তিন ছেলে বিজয় (৮), অজয় (৭) ও সুজয় (৪) এবং দেবর সুজন (১০) ও রিপনকে (৮) নিয়ে অঞ্জলি দিশেহারা হয়ে পড়েছেন। সুমন শিবগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী ছিলেন। শিবগঞ্জ স্টেডিয়ামের কাছে রাস্তার পাশে খাসজমিতে পলিথিনের ছাউনির নিচে ছিল তাঁদের সংসার।অঞ্জলি বলেন, ‘হামার হাতে একটা টাকাও ছিল না। স্বামীর শেষ ক্রিয়া করলাম পরের কাছে হাত পেতে। এখুন পাড়া-প্রতিবেশী ও আত্মীয়স্বজন যখুন ভাত-তরকারি দিচ্ছে তখনই খেতে পাছি। এমনি করে কদিন আর চলবে। যারা দিচ্ছে তারাও তো গরিব।’অঞ্জলি আরও বলেন, ‘হামরা হরিজন, ময়লা টানি, মদ হামাদের খাইতে হয়। তাই বলে বিষাক্ত মদ দিয়ে মেরে ফেলবে? যারা বিষাক্ত মদ বেচে এতগুলান লোক মেরে ফেলল, হামি তাদের বিচার চাই। আর হামার একটা কাজ চাই।’