স্বামী অক্ষরানন্দ পরলোকে
ঢাকা রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী অক্ষরানন্দ মহারাজ (৮২) আর নেই। গতকাল সোমবার সকালে রাজধানীর একটি হাসপাতালে তিনি পরলোকগমন করেছেন। মহারাজের মরদেহ ঢাকা রামকৃষ্ণ মিশন প্রাঙ্গণে গতকাল বেলা তিনটার দিকে আনা হয়। বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার রজিত মিত্তার, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান। আজ মঙ্গলবার দুপুরে রাজারবাগ বরদেশ্বরী কালীমন্দির মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।স্বামী অক্ষরানন্দ ১৯২৯ সালে সাতক্ষীরার খুরদা গ্রামে জন্মগ্রহণ করেন। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের সহসম্পাদক থাকাকালে তিনি ১৯৭২ সালে কয়েক মাসের জন্য বাংলাদেশে আসেন। ১৯৭৪ সাল থেকে ঢাকা ও নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ পদে দায়িত্ব পালন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।