জয়ন্তী রেজা হত্যা মামলায় স্বামী আজম রেজাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে তাঁর করা আপিলের অনুমতি চেয়ে আবেদনের (লিভ টু আপিল) ওপর শুনানি শুরু হয়েছে।গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে গঠিত তিন বিচারপতির বেঞ্চ এ শুনানি গ্রহণ করেন।হাইকোর্টের রায়ের প্রায় দুই বছর পর লিভ টু আপিলের ওপর গতকাল শুনানি অনুষ্ঠিত হয়। আদালতে আজম রেজার পক্ষে শুনানি করেন আইনজীবী এ কে বদরুল হক। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মুবিন। এ কে বদরুল হক প্রথম আলোকে বলেন, লিভ টু আপিলের শুনানি শুরু হয়েছে। রোববার আবার শুনানি হবে।জানা যায়, ২০০০ সালের ১০ মার্চ আজম রেজার সঙ্গে বিয়ে হয় জয়ন্তীর। বনানীর ৭ নম্বর রোডের জি ব্লকের ৪১ নম্বর বাড়িতে অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষিকা ও স্থপতি জয়ন্তী রেজা ২০০৪ সালে ৯ জানুয়ারি নিহত হন। সাংবাদিক ও মুক্তিযোদ্ধা মরহুম এম সাদেকীনের মেয়ে ছিলেন জয়ন্তী। এ ব্যাপারে প্রথমে নিহত জয়ন্তীর স্বামী আজম রেজা থানায় একটি মামলা করেন। পরে লাশের ময়নাতদন্তের প্রতিবেদনে হত্যার আলামত পাওয়ায় জয়ন্তীর মা লুসিন সাদেকীন গুলশান থানায় হত্যা মামলা করেন। এ মামলার রায়ে ২০০৫ সালের ১৪ জানুয়ারি দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ আজম রেজাকে মৃত্যুদণ্ড দেন।