রাজধানীর মিরপুরের মধ্যপাইকপাড়ায় গৃহবধূ আইরিন আক্তার হত্যা মামলায় তাঁর স্বামী আমানুল্লাহকে গতকাল শুক্রবার তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
মিরপুর থানার পুলিশ জানায়, গতকাল আমানুল্লাহকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ মামলার তদন্ত তদারক কর্মকর্তা পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মো. নিশারুল আরিফ প্রথম আলোকে বলেন, আমানুল্লাহ ধূর্ত প্রকৃতির। নানা কৌশলে জিজ্ঞাসাবাদ করলেও হত্যাকাণ্ডের বিষয়ে তিনি মুখ খুলছেন না। তবে স্ত্রী ও সন্তান হত্যায় তাঁর জড়িত থাকার পারিপার্শ্বিক প্রমাণ পুলিশের কাছে রয়েছে। স্ত্রী-সন্তানের মৃত্যুতে তাঁর মধ্যে কোনো অনুতাপ, শোক বা অনুশোচনা দেখা যায়নি।
তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, যে নারীর সঙ্গে আমানুল্লাহর সম্পর্ক ছিল, তাঁকে ও আমানুল্লাহর ভাড়া বাড়ির দারোয়ান আবুল কাশেমকে জিজ্ঞাসাবাদ শেষে গতকাল ছেড়ে দেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে ওই নারীর কাছ থেকে কিছু তথ্য পাওয়া গেছে। প্রয়োজনে তাঁকে আবারও জিজ্ঞাসাবাদ করা হবে।
গত বুধবার সন্ধ্যায় নিজ বাসায় আইরিন ও তাঁর আট বছরের ছেলে সাবিত হোসেনকে শ্বাসরোধে হত্যা করা হয়। আইরিনের স্বজনদের অভিযোগ, অন্য নারীর সঙ্গে সম্পর্কে বাধা দেওয়ায় ব্যাংক কর্মকর্তা আমানুল্লাহ এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। আইরিনের দেড় বছর বয়সী অপর ছেলে আবিদ হোসেন তার খালা নিগার সুলতানার কাছে রয়েছে।