পরিবারের অমতে পালিয়ে বিয়ে করেছিল একাদশ শ্রেণীর ছাত্রী সনি চৌধুরী। বিয়ের ৮৪ দিন পর স্বামীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। সনির বাবা-মায়ের অভিযোগ, তাকে হত্যা করা হয়েছে।
গত সোমবার সন্ধ্যায় ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের শ্বশুরবাড়ি থেকে সনি চৌধুরীর লাশ উদ্ধার করে পুলিশ। সেদিন দুপুরে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় সনির মা শিখা চৌধুরী সনির স্বামী কাকন কুমার রায় (২৪) ও কাকনের বাবা মিহিন্দ্র কুমার রায়কে আসামি করে সোনাগাজী থানায় হত্যা মামলা করেছেন। ঘটনার পর থেকে কাকন পলাতক। পুলিশ মিহিন্দ্র কুমার রায়কে গ্রেপ্তার করেছে।
গত মঙ্গলবার ফেনী সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে সনির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গত ১৬ নভেম্বর লক্ষ্মীপুর গ্রামের কাকন কুমার রায় এবং চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার শীতলপুর গ্রামের সনি চৌধুরী নিজেদের পছন্দে বিয়ে করেন।
সনির বাবা সুভাষ চন্দ্র চৌধুরী বলেন, সনি সীতাকুণ্ডের একটি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী ছিল। তিনি বলেন, কিছুদিন ধরে সনি তার মাকে ফোন করে কিছু টাকা চাচ্ছিল। তখন সে জানায়, টাকার জন্য স্বামী তার ওপর নির্যাতন চালাচ্ছে।
সুভাষ চন্দ্র চৌধুরী বলেন, গত সোমবার সোনাগাজী থানার একজন কর্মকর্তা তাঁকে মুঠোফোনে জানান, সনি আত্মহত্যা করেছে। মেয়ের লাশ নেওয়ার জন্য তাঁদের আসতে বলা হয়। কিন্তু এলাকায় যাওয়ার পর তাঁরা জানতে পারে সনিকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. সালেহ জানান, মিহিন্দ্র কুমার রায়কে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর আসামি কাকন পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অসীম কুমার সাহা জানান, ময়নাতদন্তে শ্বাসরোধ ও মাথায় আঘাতের আলামত পাওয়া গেছে।