পশ্চিম রামপুরায় গৃহবধূ শাহানা আক্তার হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তাঁর স্বামী মনির হোসেন।
এর আগে গত সোমবার দিবাগত রাতে রমনার মধুবাগ এলাকা থেকে শাহানার স্বামী মনিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার টঙ্গী থেকে গ্রেপ্তার করা হয় মনিরের মা আক্তার বানুকে।
ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের সহকারী কমিশনার (খিলগাঁও জোন) নাদিয়া জুঁই এই তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার দুজনই কারাগারে আছেন। মনির হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে গতকাল মঙ্গলবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
শাহানার বাবা আবদুর রব গত শুক্রবার সংবাদ সম্মেলনে বলেন, গত ৩০ জুলাই পশ্চিম রামপুরার বাসায় তাঁর মেয়ে শাহানা আক্তারকে হত্যা করা হয়। এ ঘটনায় সেদিন রামপুরা থানায় হত্যা মামলা হয়েছে। মামলায় শাহানার স্বামী মনির হোসেন ও শাশুড়ি আক্তার বানুকে আসামি করা হয়।
প্রায় দেড় যুগ আগে শাহানার সঙ্গে পশ্চিম রামপুরার মনির হোসেনের বিয়ে হয়।
আবদুর রবের অভিযোগ, বিয়ের সময় যৌতুক হিসাবে মনিরকে ১ লাখ টাকা ও আসবাব দেওয়া হয়। এরপরও টাকার জন্য শাহানাকে চাপ দেন মনির। পরে বিভিন্ন সময় মনিরকে আরও ২ লাখ টাকা দেওয়া হয়।
আবদুর রব বলেন, ৩০ জুলাই শাহানাকে মারধর করা হয়। একপর্যায়ে মনির গলায় ওড়না পেঁচিয়ে শাহানাকে হত্যা করে পালিয়ে যান।
পুলিশের একটি সূত্র জানায়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির পুলিশকে বলেছেন, ঘটনার দিন শাহানার কাছে টাকা চেয়েছিলেন। টাকা দিতে রাজি না হওয়ায় তিনি শাহানাকে মারধর ও হাতুড়ি দিয়ে পেটান। এরপর তাঁর গলায় ওড়না পেঁচিয়ে ধরেন। মৃত্যু নিশ্চিত হওয়ার পর তিনি বাড়ি থেকে পালিয়ে যান।
পুলিশের এক কর্মকর্তা বলেন, মনিরের দেওয়া তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়িটি উদ্ধার করা হয়েছে।