স্বামী-ছেলের পর গর্ভের সন্তানেরও মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার লাকসাম পৌরসভার ছিলোনিয়া এলাকায় গত রোববার সড়ক দুর্ঘটনায় স্বামী ও ছেলেকে হারানোর পর গর্ভের সন্তানকেও হারিয়েছেন মারজান বেগম (৩২)। তিনি বর্তমানে বেসরকারি হাসপাতাল কুমিল্লা মেডিকেল সেন্টারের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
কুমিল্লা মেডিকেল সেন্টারের চিকিৎসক দিলদার সুলতানা বলেন, রোববার সকাল আটটার দিকে মারজান বেগমকে এখানে ভর্তি করানো হয়। এরপর পরীক্ষা করে দেখা যায়, তাঁর পেটের সন্তান মারা গেছে। গর্ভবতী হওয়ায় তাঁর অবস্থা এতই খারাপ ছিল যে তাঁকে চিকিৎসা দিতে বেগ পেতে হচ্ছিল। গাড়ি উল্টে খালে পড়ায় তাঁর পেটে প্রচুর পানি ঢোকে। হাসপাতালে আনার পর পেট থেকে পানি বের করা হয়। এরপর তাঁকে বাঁচানোর জন্য বেলা ১১টায় অস্ত্রোপচার করা হয়। তাঁর পেট থেকে মৃত কন্যাসন্তান বের করা হয়। গত রোববার লাকসামের ছিলোনিয়া সেতুর কাছে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে একটি ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুসহ পাঁচজন নিহত ও তিনজন আহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে মারজানের স্বামী আনোয়ারুল কবির (৪০) ও তাঁর ছোট ছেলে সাইফ সাহেদ আল মুস্তাকিম (৪) রয়েছে।