স্বামী জীবিত, অথচ সাত বছর ধরে ‘বিধবা ভাতা’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মায়ারুন বেগমের স্বামী মো. আবদুস ছোবহান গাজী জীবিত। দুই ছেলে প্রবাসে। তথ্য গোপন করে মায়ারুন প্রায় সাত বছর ধরে ‘বিধবা ভাতা’ পাচ্ছেন। পাশাপাশি একই এলাকায় কুঁড়েঘরে থাকেন বিধবা জয়নুল বিবি। তাঁর স্বামী মারা গেছেন প্রায় ১৪ বছর আগে। ভাতা পেতে তিনি স্থানীয় জনপ্রতিনিধির কাছে অনেক কাকুতি-মিনতি করেও তাঁর ভাগ্যে কোনো ভাতা জুটেনি। এই দুটি চিত্র মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলি (রথটিলা) গ্রামের।উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, মায়ারুন বেগম ২০০৪-০৫ অর্থবছর থেকে ‘বিধবা ভাতা’ পাচ্ছেন। শুরুতে তাঁর মাসিক ভাতা ১৫০ টাকা থাকলেও বর্তমানে তা ৩০০ টাকা হয়ে গেছে। মায়ারুন সর্বশেষ ২০১০-১১ অর্থবছরের এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত তিন মাসের ভাতা পেয়েছেন।সরেজমিনে গত ১৪ ডিসেম্বর দুপুরে পূর্ব বটুলি গ্রামে গিয়ে দেখা যায়, একটি বড় বাড়িতে মায়ারুন বেগম থাকেন। তাঁর স্বামী আবদুস ছোবহান গাজীর সঙ্গেও দেখা হয়। তাঁদের দুই ছেলে দুবাই-প্রবাসী। ‘ভাতা’ সম্পর্কে জানতে চাইলে মায়ারুন ও ছোবহান গাজী জানান, একসময় ছোবহানের মা ওই ভাতা পেতেন। তিনি মারা যাওয়ার পর পরিবারের আর্থিক অসচ্ছলতা দেখে স্থানীয় ইউপি সদস্য ভাতাটি মায়ারুনের নামে পরিবর্তন করে দেন। সচ্ছল হওয়ায় দুই-আড়াই বছর ধরে মায়ারুন ‘ভাতা’ নিচ্ছেন না বলে দাবি করেন। গত তিন মাসের ‘ভাতা’ উত্তোলন সম্পর্কে জানতে চাইলে তাঁরা নিশ্চুপ থাকেন। একই গ্রামের দরিদ্র জয়নুল বিবির স্বামী আবদুল মতলিব জটিল রোগব্যাধিতে ভুগে মারা গেছেন প্রায় ১৪ বছর আগে। জয়নুলের বাড়িতে গিয়ে দেখা যায়, ভাঙাচোরা একটি ঘরে তিনি বসবাস করছেন। তাঁর আট সন্তান। বর্তমানে দুই ছেলের সংসারে তিনি আছেন। ছেলেরা দিনমজুরের কাজ করেন। জয়নুল বিবি (৭০) ক্ষোভের সঙ্গে বলেন, ‘ভাতার ব্যবস্থা করি দিবার লাগি মেম্বাররে কতবার খইলাম। তাইন (ইউপি সদস্য) দিয়ার-দিমু খইলা। অখনো কিচ্ছু-উ তো পাইলাম না।’স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. লাল মিয়া দাবি করেন, মায়ারুন বেগমের ভাতাটি কীভাবে পরিবর্তন হয়েছে, তা তিনি জানেন না। আর জয়নুল বিবিকে ভালোমতো চিনতে পারছেন না। তাঁর সম্পর্কে খোঁজ নিয়ে দেখবেন।ফুলতলা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ফয়াজ আলী জানান, সম্প্রতি বিধবা ভাতার কাগজপত্র ঘাঁটাঘাঁটিকালে মায়ারুন বেগমের বিষয়টি ধরা পড়ে। পরে তা উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে জানান। বিধবা জয়নুল বিবি যাতে ভাতা পান, সে ব্যাপারে তিনি প্রয়োজনীয় উদ্যোগ নেবেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা অরবিন্দ সেনগুপ্ত প্রথম আলোকে বলেন, ‘মায়ারুন বেগমের বইটি প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে। তথ্য গোপন করে সরকার থেকে পাওয়া ভাতা ফেরত চেয়ে ওই গ্রহীতাকে চিঠি দেওয়া হবে।’